Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

আজ রাতেই আকাশে ঘটবে মহাজাগতিক দৃশ্য, দেখা যাবে খালি চোখে

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১১:২৫ পিএম

আজ রাতেই আকাশে ঘটবে মহাজাগতিক দৃশ্য, দেখা যাবে খালি চোখে

বিজ্ঞাপন

রাতের আকাশে দেখা যেতে পারে মনোমুগ্ধকর মহাজাগতিক দৃশ্য ওরিওনিড উল্কাবৃষ্টি। বাংলাদেশ থেকেও এ দৃশ্য দেখার সুযোগ রয়েছে।

বুধবার (২১ অক্টোবর) রাতে শুরু হয়ে বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে এটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। অনুকূল পরিবেশে প্রতি ঘণ্টায় ১০ থেকে ২০টি উল্কা দেখা যেতে পারে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর চাঁদের উজ্জ্বলতা উল্কাবৃষ্টি দেখার ক্ষেত্রে কিছুটা বাধা সৃষ্টি করতে পারে। তবে চাঁদ ডুবে যাওয়ার পর ভোরের আগে আকাশ তুলনামূলক অন্ধকার থাকলে উল্কা দেখার ভালো সুযোগ মিলবে।

ওরিওনিড উল্কাবৃষ্টির সৃষ্টি হয় হ্যালির ধূমকেতুর ফেলে যাওয়া ধূলিকণা ও ধ্বংসাবশেষ থেকে। ধূমকেতুটি প্রায় ৭৫ বছর পরপর সূর্যের কাছাকাছি আসে। এ সময় ছড়িয়ে পড়া ধূলিকণার প্রবাহের মধ্য দিয়ে পৃথিবী প্রতিবছর অতিক্রম করে। কণাগুলো পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে জ্বলে উঠলে আকাশে আলোর রেখা দেখা যায়, যা উল্কা বা ‘খসে পড়া তারা’ নামে পরিচিত।

সাধারণত ২ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত ওরিওনিড উল্কাবৃষ্টি সক্রিয় থাকে। এর মধ্যে ২১ ও ২২ অক্টোবর এটি সবচেয়ে তীব্র হয়।

নাসার তথ্য অনুযায়ী, এ উল্কাবৃষ্টি দেখতে পূর্ব আকাশের দিকে নজর রাখতে হবে। খালি চোখেই উল্কা দেখা সম্ভব, তাই টেলিস্কোপ বা বাইনোকুলারের প্রয়োজন নেই। তবে পরিষ্কার আকাশ ও আলোকদূষণমুক্ত স্থান থেকে দেখলে উল্কা দেখার সম্ভাবনা বাড়বে।

হ্যালির ধূমকেতু সর্বশেষ ১৯৮৬ সালে সূর্যের কাছাকাছি এসেছিল। ২০৬১ সালে এটি আবার ফিরে আসার কথা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার