Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মায়ের মৃত্যু, পাশাপাশি দাফন

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পিএম

ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মায়ের মৃত্যু, পাশাপাশি দাফন

বিজ্ঞাপন

বগুড়ার সোনাতলা উপজেলায় ছেলের মৃত্যুর খবর শোনার ঘণ্টাখানেকের মধ্যে মারা গেছেন মা। হৃদয়বিদারক এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো গ্রামে।

বুধবার (২১ অক্টোবর) সকালে মা ও ছেলেকে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে।

মারা যাওয়া দুজন হলেন উপজেলার বালুয়া ইউনিয়নের ধর্মকুল গ্রামের তারাজুল ইসলাম (৪৫) ও তাঁর মা তারা বেগম (৬২)। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে প্রায় এক ঘণ্টার ব্যবধানে তাঁদের মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার সকালে জীবিকার তাগিদে বগুড়া শহরে রিকশা চালাতে যান তারাজুল ইসলাম। বিকেলে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। কিছুক্ষণ পরই তাঁর মৃত্যু হয়।

ছেলের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে মা তারা বেগম ভেঙে পড়েন। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ছেলের মৃত্যুর সংবাদ শোনার পর থেকেই তিনি অস্থির হয়ে পড়েন। পরে গ্রামের মসজিদের মাইকে ছেলের মৃত্যুর খবর প্রচার করা হলে তাঁর অস্থিরতা আরও বেড়ে যায়। এর ঘণ্টাখানেক পর তিনিও মারা যান।

একই দিনে মা ও ছেলের মৃত্যুতে পরিবার, স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের মাতম শুরু হয়। তাঁদের এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

বালুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মন্ডল বলেন, ছেলের মৃত্যুর খবর পেয়ে তাঁর মা মারা গেছেন। বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক। পরে মা ও ছেলেকে তাঁদের পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার