বিজ্ঞাপন
ছুটিতে নিভে গেল বাবা-মেয়ের প্রাণ, চিকিৎসাধীন মা-ছেলে
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পিএম
বিজ্ঞাপন
পূজার ছুটিতে পরিবারের সবাইকে নিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা শহিদুল ইসলাম (৫০) ও তাঁর মেয়ে তাছফিয়া আক্তারকে (৯)।
বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টার দিকে দাফন করা হয়েছে।
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডে তাদের বাড়ির পাশের হযরত ইয়ার উদ্দিন খলিফা (র.)-এর মাজার প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক আঙিনায় তাঁদের দাফন করা হয়। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বাবা-মেয়ের মরদেহ বাড়িতে পৌছায়।
একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন শহিদুল ইসলামের স্ত্রী মোসা. রুবিনা আক্তার (৪০) ও ছেলে লাবিব (১১)। তাঁরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে তাঁদের নাটোর ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরিবারের দুই সদস্যকে হারানোর খবর এখনো তাঁদের জানানো হয়নি।
শহিদুল ইসলাম মাগুরা জেলায় ব্র্যাক ব্যাংকের শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর স্ত্রী রুবিনা আক্তার মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী পূবালী ব্যাংক শাখার কর্মকর্তা বলে জানা গেছে।
নিহত শহিদুল ইসলামের বড় ভাই মো. ফারুক হাওলাদার জানান, পূজার ছুটিতে পরিবার নিয়ে রাজশাহীতে ভায়রার বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন শহিদুল। সোমবার বিকেল চারটার দিকে স্ত্রী রুবিনা আক্তার তাঁদের মেয়ে তাছফিয়া ও ছেলে লাবিবকে নিয়ে মির্জাগঞ্জ থেকে স্বামীর কর্মস্থল মাগুরায় পৌঁছান। সেখান থেকে মঙ্গলবার সকালে পরিবারের সবাই বাসে করে রাজশাহীর উদ্দেশে রওনা হন।
কিন্তু সেই আনন্দযাত্রা আর গন্তব্যে পৌঁছায়নি। পথে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে তাঁদের বহনকারী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান শহিদুল ইসলাম ও তাঁর মেয়ে তাছফিয়া। গুরুতর আহত হন তাঁর স্ত্রী ও ছেলে।
ফারুক হাওলাদার বলেন, ‘পূজার ছুটিতে সবাই মিলে রাজশাহীতে আত্মীয়ের বাড়িতে আনন্দ করতে যাচ্ছিল। কিন্তু একটি দুর্ঘটনায় সব শেষ হয়ে গেল। আমার ভাই শহিদুল ইসলাম ও ভাতিজি তাছফিয়া ঘটনাস্থলেই মারা গেছে। অন্যদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে শহিদুলের স্ত্রী রুবিনা ও ছেলে লাবিব। এখন পর্যন্ত মৃত্যুর ঘটনা তাঁদের জানানো হয়নি।’
একদিকে বাড়ির আঙিনায় বাবা-মেয়ের দাফন, অন্যদিকে হাসপাতালের বিছানায় জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন মা ও ছেলে। পরিবারের একসঙ্গে বেড়াতে যাওয়ার স্বপ্ন মুহূর্তেই বদলে গেছে শোক আর অনিশ্চয়তায়। যে ছুটি হওয়ার কথা ছিল আনন্দ, ভালোবাসা আর পারিবারিক বন্ধন আরও দৃঢ় করার উপলক্ষ, সেই ছুটিই কেড়ে নিল পরিবারের দুই সদস্যকে। আর প্রিয়জন হারানোর খবর না জেনেই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন দুর্ঘটনায় বেঁচে যাওয়া পরিবারের অন্য দুই সদস্য।
জানা যায়, মঙ্গলবার ভোর চারটার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নারী, পুরুষ ও শিশুসহ ১২ জন নিহত হন। আহত হন অন্তত ৩২ জন।
বাবা-মেয়ের জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান।
তিনি বলেন, ‘নিহত পরিবারের পক্ষ থেকে থানা-পুলিশকে বিষয়টি জানানো হয়নি। পুলিশ স্বপ্রণোদিত হয়ে তাঁদের খোঁজখবর নিয়েছে। জানাজা ও দাফন সম্পন্ন করতে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে।’