Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

সৌরবিদ্যুৎ স্থাপনে গঠন হচ্ছে কমিটি, থাকছেন অধ্যক্ষ-প্রধান শিক্ষকরা

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০২:২৯ পিএম

সৌরবিদ্যুৎ স্থাপনে গঠন হচ্ছে কমিটি, থাকছেন অধ্যক্ষ-প্রধান শিক্ষকরা

বিজ্ঞাপন

বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ জারি করা হয়েছে। এতে শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা বাস্তবায়ন ও সম্প্রসারণে জাতীয় পলিসি কাউন্সিল, জেলা ও উপজেলা পর্যায়ে কারিগরি ও সমন্বয় কমিটি গঠনের বিধান রাখা হয়েছে। এসব কমিটি সৌরবিদ্যুৎ কার্যক্রম বাস্তবায়নে সহায়তা, তদারকি, পরামর্শ ও নির্দেশনা দেবে। কমিটিতে অধ্যক্ষ- প্রধান শিক্ষকদের অন্তর্ভুক্ত করার নির্দেশনা রয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬’ জারি করে সরকার। এতে কমিটি গঠনের বিধান উল্লেখ করে কাযক্রম বণ্টন করা হয়। কমিটির কাজের মধ্যে রয়েছে কার্যক্রমের অস্পষ্টতা দূর করা, অগ্রগতি পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট গ্রাহকদের প্রশিক্ষণ দেওয়া।

অধ্যাদেশের ১১ ধারায় জেলা ও উপজেলা পর্যায়ে ‘কারিগরি ও সমন্বয় কমিটি’ গঠনের বিধান রাখা হয়েছে। শিক্ষা-সংশ্লিষ্ট প্রতিনিধিদেরও এসব কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

অধ্যাদেশ অনুযায়ী, জেলা পর্যায়ের কমিটির সভাপতি হবেন জেলা প্রশাসক। কমিটিতে পুলিশ সুপার, প্রযোজ্য ক্ষেত্রে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, সিভিল সার্জন, বিভাগীয় বন কর্মকর্তা, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী থাকবেন।

এ ছাড়া শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা বা পৌর নির্বাহী কর্মকর্তা এবং বিদ্যুৎ বিতরণকারী সংস্থা বা কোম্পানির প্রতিনিধিরা কমিটিতে থাকবেন। বিদ্যুৎ বিতরণকারী সংস্থা বা কোম্পানির জেলা প্রধানদের একজন কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।

উপজেলা পর্যায়ের কমিটির সভাপতি হবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। কমিটিতে ইউএনওর মনোনীত সংশ্লিষ্ট উপজেলার কোনো সরকারি কলেজের অধ্যক্ষ (যদি থাকে), সহকারী কমিশনার (ভূমি), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা থাকবেন।

এ ছাড়া ইউএনওর মনোনীত সংশ্লিষ্ট উপজেলার কোনো সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (যদি থাকেন), উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং বিদ্যুৎ বিতরণকারী সংস্থা বা কোম্পানির প্রতিনিধিরা কমিটিতে অন্তর্ভুক্ত হবেন। বিদ্যুৎ বিতরণকারী সংস্থা বা কোম্পানির উপজেলা প্রধানদের মধ্যে যে প্রতিষ্ঠানের গ্রাহকসংখ্যা বেশি, সেই প্রতিষ্ঠানের উপজেলা প্রধান কমিটির সদস্যসচিব হবেন।

অধ্যাদেশে বলা হয়েছে, উপজেলা কমিটি প্রয়োজনে যেকোনো উপযুক্ত ব্যক্তিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবে।

জেলা কমিটি সংশ্লিষ্ট জেলায় বিশেষ সৌরবিদ্যুৎ কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তা, পর্যবেক্ষণ, পরামর্শ ও নির্দেশনা দেবে। কার্যক্রম বাস্তবায়নে কোনো অস্পষ্টতা দেখা দিলে তা দূর করবে এবং প্রতি তিন মাস অন্তর কার্যক্রমের অগ্রগতি-সংক্রান্ত প্রতিবেদন কাউন্সিলের কাছে পাঠাবে। এ ছাড়া কার্যক্রম-সংশ্লিষ্ট বিরোধ নিষ্পত্তি এবং গ্রাহকদের প্রশিক্ষণ ও অগ্রগতি সম্পর্কে অবহিত করার দায়িত্বও পালন করবে।

অন্যদিকে, উপজেলা কমিটি সংশ্লিষ্ট এলাকায় সৌরবিদ্যুৎ কার্যক্রম বাস্তবায়নে সহায়তা, পর্যবেক্ষণ, পরামর্শ ও নির্দেশনা দেওয়ার পাশাপাশি কার্যক্রম-সংশ্লিষ্ট দলিলাদি সংরক্ষণ করবে। বাস্তবায়নে কোনো অস্পষ্টতা থাকলে তা দূর করা এবং প্রতি মাসে জেলা কমিটির কাছে অগ্রগতি-সংক্রান্ত প্রতিবেদন পাঠানোও উপজেলা কমিটির দায়িত্ব।

এ ছাড়া কার্যক্রম-সংশ্লিষ্ট বিরোধ নিষ্পত্তি করা এবং প্রয়োজনে তা জেলা কমিটির কাছে পাঠানো ও সংশ্লিষ্ট গ্রাহকদের প্রশিক্ষণ দেওয়ার বিধান রাখা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার