Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

খালেদা জিয়ার মতো সাজতে চেষ্টা করিনি: মেঘনা আলম

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৪:১৩ এএম

খালেদা জিয়ার মতো সাজতে চেষ্টা করিনি: মেঘনা আলম

বিজ্ঞাপন

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপ-নির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে আবেদনের সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মতো সাজতে চেষ্টা করেননি বলে জানিয়েছেন রাজনৈতিক প্রশিক্ষক ও মডেল মেঘনা আলম। তিনি জানান, তিনি শুধু প্রধানমন্ত্রী ও মনোনয়ন কমিটির প্রতি শ্রদ্ধা রেখে মার্জিতভাবে যেতে চেয়েছিলেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে মেঘনা আলম এ তথ্য জানান।

পোস্টে রাজনৈতিক প্রশিক্ষক মেঘনা আলম লেখেন, আমি আসলে বেগম খালেদা জিয়ার মতো সাজতে চেষ্টা করিনি। এই একই সাদা শাড়ি ও সাদা ওড়না আমি দুই দিন আগেও বিভিন্ন অনুষ্ঠানে পরেছি, আপনারা দেখেছেন। আমি শুধু মার্জিতভাবে যেতে চেয়েছি, প্রধানমন্ত্রী ও মনোনয়ন কমিটির প্রতি যথাযথ শ্রদ্ধা রেখে।

তিনি ওই পোস্টে লেখেন, এত মানুষের ভিড়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে ভেবেই চুলে খোঁপা করে গিয়েছিলাম, যেন গরমে কিছুটা স্বস্তি পাই। গতবার এত প্রার্থীর ভিড়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে গিয়ে চুল খোলা থাকায় ঘেমে আমার অবস্থা বেশ খারাপ হয়ে গিয়েছিল।

আমি একদমই মেকআপ করতে পারি না উল্লেখ করে মেঘনা আলম লেখেন, বেশিরভাগ সময় আপনারা আমার স্বাভাবিক চেহারাই দেখতে অভ্যস্ত। তবে ইন্টারভিউতে একটু ফর্মাল লুকের জন্য পরিচিত এক ছোট বোনকে সাজিয়ে দিতে বলেছিলাম। সাজ কেমন হবে জানতে চাইলে আমার গায়ের রঙের সঙ্গে মানানসই লুক বোঝাতে পাকিস্তানের মরিয়ম নওয়াজ ও ক্রিকেটার ইরফান পাঠানের স্ত্রীর ছবি দেখিয়েছিলাম। ভ্রু যেন ঐশ্বরিয়ার মতো স্বাভাবিক রাখে, সেটাও বলেছিলাম। আর চুল বেঁধে দিতে বলেছিলাম এয়ার হোস্টেসদের মতো পরিপাটি করে।

তিনি আরও লেখেন, সবকিছু মিলিয়ে যে আমাকে অবিকল বেগম খালেদা জিয়ার মতো দেখাবে, তা অন্যদের প্রতিক্রিয়া দেখার আগে সত্যিই বুঝতে পারিনি! তবে, জনগণের এমন প্রতিক্রিয়ায় আমি ভীষণ সম্মানিত ও আবেগাপ্লুত। বাংলাদেশের মানুষের কাছে বেগম খালেদা জিয়া যে কতটা শ্রদ্ধা ও ভালোবাসার নাম, তা আমি জানি। তার সঙ্গে আমার জীবনে একবার দেখা হয়েছিল একটি হাসপাতালে। সেদিন আমার বড় ফুপি হাসপাতালে ভর্তি ছিলেন। আজ ফুপিও আর আমাদের মাঝে নেই, তিনিও পরপারে চলে গেছেন। আরেকবার বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত আর দেখা হয়নি। ছোটবেলায় সেই সুযোগ না পাওয়ার কষ্টে আমি খুব কেঁদেছিলাম।

মেঘনা আলম তার ফেসবুক পোস্টে লেখেন, আমার ইরানি বংশোদ্ভূত দাদির মুখের গড়ন ও গায়ের রঙের সঙ্গে বেগম খালেদা জিয়ার অদ্ভুত মিল আমি প্রায়ই অনুভব করতাম। হয়তো সেই কারণেও তার চেহারার সঙ্গে এই সাদৃশ্য আমার কাছে আরও বেশি তাৎপর্যপূর্ণ মনে হয়। বেগম খালেদা জিয়া, আমার দাদি ও আমার ফুপি, তিনজনকেই আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার