বিজ্ঞাপন
হাজারীবাগে এজেআর কুরিয়ার সার্ভিসের ওয়্যার হাউজে হামলা-ভাঙচুর
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১২:৩৬ এএম
বিজ্ঞাপন
রাজধানীর হাজারীবাগের বারইখালী এলাকায় এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের ওয়্যার হাউজে হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে।
এ সময় গুদামের আসবাবপত্র ও মালামাল ভাঙচুরের পাশাপাশি সিসিটিভি ক্যামেরা ও ল্যাপটপ লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিকদার মেডিকেল কলেজের পাশে এ ঘটনা ঘটে।
এজেআর ওয়ার হাউজের সিকিউরিটি ইনচার্জ মো. রুহুল আমিন জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরা একদল দুর্বৃত্ত হঠাৎ কুরিয়ার সার্ভিসের গুদামে প্রবেশ করে। এরপর তারা ভবনের ভেতরে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় অফিসে থাকা ল্যাপটপ ও সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে যায় তারা।
হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, হামলাকারীরা সুপরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। তারা কুরিয়ারের ভেতরে হামলার পূর্বে আশপাশের এলাকার অন্যান্য সিসিটিভি ক্যামেরাগুলোও অকার্যকর করে দিয়েছিল, যাতে তাদের সহজে শনাক্ত করা না যায়।
ঘটনার খবর পেয়ে হাজারীবাগ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ আলামত সংগ্রহসহ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে।