বিজ্ঞাপন
‘মানুষ পাগল হলে কি জাশি-এনসিপি করে নাকি জাশি-এনসিপি করে পাগল হয়’, রনির কটাক্ষ
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০২:৩২ পিএম
বিজ্ঞাপন
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনে অ্যাক্টিভিস্ট রেজাউল করিম রনির নেইমপ্লেটের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তিনি বিটিভির নিয়োগ পেয়েছেন ও সেখানে তার অফিস কক্ষ রয়েছে বলে দাবি করছে বিভিন্ন মহল।
বিটিভিতে তার কোনো কক্ষ নেই বলে রনি এখন পর্যন্ত দাবি করে এলেও সরকারি টেলিভিশনের মহাপরিচালক কাজী জেসিন জানিয়েছেন, বিটিভিতে প্রোগ্রামের রিসার্চার হিসেবে কাজ করছেন রেজাউল করিম রনি। ফ্রিল্যান্সার হিসেবে একটা রুমে পাঁচজন বসেন, সেই রুমে রেজাউল করিম রনিও বসেন।
তবে এ তথ্যকে মিথ্যা-প্রোপাগান্ডা বলেই দাবি রনির। জামায়াত-শিবির ও এনসিপির নেতা-কর্মীরা এসব তথ্য ছড়াচ্ছে বলেও অভিযোগ তার। ‘মানুষ পাগল হলে কি জামায়াত-শিবির ও এনসিপি করে নাকি এসব দলে যোগ দিয়ে পাগল হয়ে যায়’ বলে কটাক্ষ করেছেন তিনি।
এ বিষয়ে মঙ্গলবার (২০ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন রনি।
তিনি লিখেছেন, দেশ চালায় বিএনপি কিন্তু আমাকে প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় নিয়োগ দিয়ে বেড়ায় জাশি-এনসিপি। বিষয়টা খুব মজার, অবশ্যই ব্যাপক মজার। বিরাট সৌভাগ্য আমার। আমার চারকী (চাকরি) নিয়ে আমার চেয়ে বেশি টেনশন তাদের। বাংলাদেশে আমার মতন সৌভাগ্যবান কয়জন আছে?
জামায়াত-শিবির ও এনসিপিকে কটাক্ষ করে রনি আরও লেখেন, ‘ওরা যেমন সকাল বিকাল ফেবুতে (ফেসবুকে) সরকার গঠন করে ফেলে তেমনি আমাকেও জায়গায়-বেয়জাগায় নিয়োগ দিয়ে বেড়ায়। এইসব দেখে আমার এখন একটাই প্রশ্ন মানুষ পাগল হলে কি জাশি-এনসিপি করে নাকি জাশি-এনসিপি করে পাগল হয়....? উত্তর আমি জানি না। দেখেন আপনারা যা ভালো মনে করেন- সেটাই উত্তর।’
এদিকে মহাপরিচালক কাজী জেসিন ছাড়াও বিটিভির অন্তত দুটি সূত্র নিশ্চিত করেছে, রেজাউল করিম রনির নেইমপ্লেটযুক্ত ছবিটি বিটিভি ভবনের।
একটি সূত্র জানায়, রেজাউল করিম রনি বসেন বিটিভির হেড অফিসে। ১২ তলা ভবনটির ৫ম তলায়। একই ফ্লোরেই ডিজি কাজী জেসিনের রুম। এক মাসের মতো হলো বসছেন রনি। বাংলাদেশ টেলিভিশনের বিভিন্ন কক্ষে যারা বসেন তাদের নাম এবং পদবি থাকে। এমনকী কে কোন গ্রেডের কর্মকর্তা সেটিও লেখা থাকে। কিন্তু রনির রুমের সামনের নেইমপ্লেটে সেটি নেই। শুধু নাম আছে,পদরি নেই।