Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

ইশরাক বিতর্কের মধ্যেই ববি হাজ্জাজের মাদকবিরোধী অভিযান, আহত ১

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৩:১৩ এএম

ইশরাক বিতর্কের মধ্যেই ববি হাজ্জাজের মাদকবিরোধী অভিযান, আহত ১

বিজ্ঞাপন

সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান ঘিরে দেশজুড়ে যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে, তারমধ্যেই পুলিশকে না জানিয়ে ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের অফিস থেকে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে আরিফ হোসেন (৩০) নামে এক যুবককে মারধর ও মাথা ফাটানো হয়েছে।

ইশরাক হোসেনের অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান নিয়ে যখন রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে আলোচনা তুঙ্গে, তখন মোহাম্মদপুরে এ ধরনের অভিযান এবং যুবকের আহতের ঘটনা ঘিরে নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (১৮ অক্টোবর) রাত ১১টায় জেনেভা ক্যাম্পের কলেজ গেট এলাকায় ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের অফিস থেকে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এতে ববি হাজ্জাজের নির্বাহী সহকারী ইনতিশার মাশুক প্রধান নেতৃত্ব দেন এবং জিসানসহ চার-পাঁচজন যুবক অংশ নেয়। সংসদ সদস্যের লোক হিসেবে এলাকায় এলাকায় যাদের পরিচিতি।

তবে এই অভিযানের কথা অস্বীকার করেছেন মাশুক প্রধান। তিনি বলেন, সংসদ সদস্যের অফিস থেকে কোনো অভিযান ছিল না। ওখানে একটা নাগরিক সংগঠন আছে, ওরা মাঝেমধ্যে এরকম অভিযান চালায়। তিনি আরও বললেন, ‘ওটা (অভিযান) এমপি মহোদয়ের না। এমপি মহোদয়ের তরফ থেকে এরকম কোনো অভিযান চালানো হয়নি।’

বিভিন্ন সূত্রে জানা যায়, অভিযানের সময় মাদক সেবনরত অবস্থায় আরিফকে আটক করা হয়। পরে তাকে মারধরের একপর্যায়ে মাথায় আঘাত লেগে ফেটে যায়। আহত অবস্থায় পুলিশে তুলে দিলে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে তাকে থানায় নেওয়া হয়। আরিফের মাথায় চারটি সেলাই লেগেছে।

জেনেভা ক্যাম্প এলাকায় অভিযানের বিষয়ে থানাকে জানানো হয়েছে কি না জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, মাদকবিরোধী অভিযানের আগে থানাকে জানানো হয়নি। তবে একজনের মাথা ফাটার পর পুলিশকে ফোন দিয়ে আহত অবস্থায় তাকে গাড়িতে তুলে দেওয়া হয়েছে।

আরিফ নামে ওই যুবককে ডোপ টেস্টের জন্য চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে। চিকিৎসক মাদক সেবনের বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে মাদক সেবন আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার