বিজ্ঞাপন
বাংলাদেশের ফিরদৌসী কাদরীকে নিয়ে বিল গেটসের ভিডিও, তুলে ধরলেন জীবন বাঁচানোর গবেষণা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পিএম
বিজ্ঞাপন
বাংলাদেশি বিজ্ঞানী ফিরদৌসী কাদরীর কলেরা প্রতিরোধে অবদান নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। সম্প্রতি প্রকাশিত ভিডিওটিতে সাশ্রয়ী মুখে খাওয়ার টিকার মাধ্যমে শিশুদের সুরক্ষা এবং মানুষের জীবন বাঁচাতে এই গবেষকের কাজ তুলে ধরা হয়েছে।
ভিডিওটির সঙ্গে দেওয়া বার্তায় বিল গেটস বলেন, বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় নিরাপদ স্যানিটেশনের সীমাবদ্ধতার কারণে প্রতিরোধযোগ্য রোগ কলেরাও প্রাণঘাতী হয়ে উঠতে পারে। ফিরদৌসী কাদরীর গবেষণা দেখিয়েছে, সাশ্রয়ী মুখে খাওয়ার টিকা আরও বেশি মানুষকে সুরক্ষা দিতে এবং জীবন বাঁচাতে পারে।
ফিরদৌসী কাদরী আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের আইসিডিডিআরবির জ্যেষ্ঠ বিজ্ঞানী। প্রতিষ্ঠানটি নিজেদের আনুষ্ঠানিক বার্তায় জানিয়েছে, বাংলাদেশসহ বিভিন্ন দেশে সাশ্রয়ী কলেরার টিকার ব্যবহার ও প্রাপ্যতা বাড়াতে তাঁর অবদান তুলে ধরেছেন বিল গেটস। নিজেদের গবেষণার কাজ বিশ্ববাসীর সামনে উপস্থাপনের জন্য তাঁকে ধন্যবাদও জানিয়েছে আইসিডিডিআরবি।
কাদরীর গবেষণার গুরুত্বপূর্ণ ক্ষেত্র মুখে খাওয়ার কলেরার টিকা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বুলেটিনে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি টিকার চাহিদা পূরণে নতুন টিকা এবং উৎপাদন বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। সেখানে ঢাকায় তাঁর প্রতিষ্ঠানের পরিচালিত টিকার তুলনামূলক পরীক্ষার বিষয়ও উঠে আসে। এসব গবেষণা টিকা ব্যবহারের সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজনীয় বৈজ্ঞানিক প্রমাণ তৈরিতে ভূমিকা রাখে।
তবে ফিরদৌসী কাদরীর কাজ নিয়ে বিল গেটসের আগ্রহ এবারই প্রথম নয়। ২০২০ সালের ৬ অক্টোবর নিজের যাচাইকৃত ইউটিউব চ্যানেলে তাঁকে নিয়ে ‘হিরো ইন দ্য ফিল্ড’ সিরিজের একটি ভিডিও প্রকাশ করেছিলেন তিনি। সেই ভিডিওতেও কলেরার প্রাদুর্ভাব থেকে জনগোষ্ঠীকে রক্ষায় সাশ্রয়ী টিকার পক্ষে কাদরীর দীর্ঘদিনের গবেষণা ও উদ্যোগের প্রশংসা করা হয়। সূত্র: প্রথম আলো