Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

ধার-দেনা করে ছেলেকে বিদেশে পাঠাইলাম, এখন আমার কলিজার টুকরাডা আর নাই

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০১:২৫ পিএম

ধার-দেনা করে ছেলেকে বিদেশে পাঠাইলাম, এখন আমার কলিজার টুকরাডা আর নাই

বিজ্ঞাপন

সারাজীবন কত কষ্ট কইরা সবজির ব্যবসা করছি। দীর্ঘদিন নানা রোগে অসুস্থ, ঠিকমতো চলতেও পারি না। অনেক মানুষের কাছ থেকে ধার-দেনা করে পোলাটারে বিদেশ পাঠিয়েছিলাম। চার-পাঁচ মাস ধরে আমার ছেলেটার সঙ্গে কোনো কথাও বলতে পারি নাই। এখন মানুষের মুখে মুখে শুনি, আমার কলিজার টুকরা সাগর আর নাই! কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত বাংলাদেশি তরুণ মো. সাগরের বাবা কবির হোসেন। অভাবের সংসার ঘুচাতে ভ্যানচালক থেকে রাশিয়ার রণক্ষেত্রে পা রাখা ২৪ বছর বয়সী এই তরুণের মৃত্যুতে এখন শোকে স্তব্ধ পুরো পরিবার।

কুমিল্লার চান্দিনা পৌরসভার ছায়কোট এলাকার নিম্নবিত্ত পরিবারের সন্তান সাগর। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে ছিলেন সবার ছোট। অভাবের কারণে লেখাপড়ার গণ্ডি প্রাথমিকেই ফুরিয়েছিল। কিশোর বয়স থেকেই রিকশা ও ভ্যান চালিয়ে পরিবারের মুখে অন্ন জোগাতেন। উপজেলা সদরের একটি রড-সিমেন্টের দোকানে ভ্যানে করে মালামাল বহনের সুবাদে দোকানের ম্যানেজারের সঙ্গে তাঁর সখ্য গড়ে ওঠে। ওই ম্যানেজার পরবর্তীতে বিদেশ থেকে দেশে ফিরে আবারও একই দোকানে চাকরি নেন। অভাবের তাড়নায় দিন কাটানো সাগরের কথা চিন্তা করে ওই ম্যানেজারই মাত্র ছয় লাখ টাকায় তাঁকে রাশিয়ায় পাঠানোর ব্যবস্থা করেন।

২০২৫ সালের মাঝামাঝি সময়ে রাশিয়া পাড়ি জমান সাগর। সেখানে একটি বেকারির দোকানে কাজ নিয়ে ভালোই কাটছিল তাঁর দিনকাল, বেতনও পেতেন প্রায় ৭০ হাজার টাকা। কিন্তু ভাগ্য বিড়ম্বনা পিছু ছাড়েনি। বেকারিতে কাজ করার সময় পরিচয় হয় এক বাংলাদেশি দালালের সঙ্গে। লোভনীয় বেতনের প্রলোভন আর এককালীন ৩০ লাখ টাকার আশ্বাসে দালালচক্র তাঁকে রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দেওয়ার ভুল বোঝায়। পরিবারের নিষেধ আর নিজের অশিক্ষার কথা ভুলে চলতি বছরের মে মাসে বেকারির চাকরি ছেড়ে ওই দালালের ফাঁদে পা দেন সাগর।

এ বিষয়ে সাগরের চাচা আব্দুল আওয়াল বলেন, সাগর যখন সেনাবাহিনীতে নাম লেখানোর কথা বলেছিল, তখনই আমরা তাকে অনেক বারণ করেছিলাম। বলেছিলাম, বাবা তুই লেখাপড়া জানিস না, কীভাবে ভিনদেশের সেনাবাহিনীতে চাকরি করবি? কিন্তু দালালের মিষ্টি কথায় সে আমাদের কথা শুনেনি। যুদ্ধে যাওয়ার আগে সে আমাদের অ্যাকাউন্টে তিন লাখ টাকা পাঠায়। এরপর থেকেই তার সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

গত শনিবার (১৭ অক্টোবর) রাশিয়া থেকে সাগরের এক বন্ধু তাঁর বোনের মোবাইল ফোনে একটি খুদেবার্তা পাঠান। সেখানে শুধু লেখা ছিল—সাগর আর নেই! এমন মর্মান্তিক বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন সাগরের মা। মুহূর্তেই গভীর শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়। পরিবারের লোকজন সাগরের সেই বন্ধুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে চান্দিনার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক জানান, বিষয়টি তাঁর জানা নেই। তিনি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার