Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

কেন অবশেষে পদত্যাগের ঘোষণা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পিএম

কেন অবশেষে পদত্যাগের ঘোষণা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক

বিজ্ঞাপন

পদত্যাগের ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে তিনি লেখেন, আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব এবং সাংবাদিকদের মুখোমুখি হব, ইনশাআল্লাহ।

ইশরাক লেখেন, ফেসবুকে কিছু সুশীল মানুষকে উল্লাসসূচক লেখালেখি করতে দেখলাম। আশা করি, ভবিষ্যতে কখনো আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তারা জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে এসে সেই আন্দোলনে যোগ দেবেন।

তিনি আরও লেখেন, এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করব, ইনশাআল্লাহ। পরিচ্ছন্নতা কর্মসূচি আরও জোরদার হবে। দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জেলা সফর করতে পারব।

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের মুখে পড়েন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এরপরই প্রধানমন্ত্রী কতৃক তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার গুঞ্জন উঠেছে।

এমন গুঞ্জনের মধ্যে পদত্যাগের খবরে ‘কান না দেওয়ার’ অনুরোধ জানিয়েছেন তিনি।

রোববার (১৮ অক্টোবর) রাতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ‘আমি দয়া করে সবাইকে অনুরোধ জানাচ্ছি যে, এই বিষয়টিকে আপনারা অবশ্যই গুজব হিসেবে ধরবেন। এর কোনো সত্যতা এখনো নেই। এরকম যদি কোনো সিদ্ধান্ত দল থেকে আমরা নিই, তাহলে সেটি কোনো উড়ো খবরের মাধ্যমে আসবে না।’

তিনি আরও বলেন, ‘অবশ্যই আমরা অফিশিয়ালি কোনো প্রেস কনফারেন্স,যেখানে আপনারা উপস্থিত থাকবেন, সেরকম অনুষ্ঠান করে করা হবে। তো যে বা যারা এই তথ্য দিয়েছে, তারা উড়ো খবরকে আপনাদের কাছে খবর হিসেবে প্রচার করছে। সবাইকে অনুরোধ জানাব, এই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন।’

এর আগে, অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়ার ঘটনায় সমালোচনার মুখে পড়েন ইশরাক হোসেন। এর মধ্যেই রোববার বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে ডেকে পাঠান।

এসময় তাকে পদত্যাগের নির্দেশ দেন বলে সরকার-সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের একাধিক সূত্রের বরাতে জানা গেছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে সরকারের দায়িত্বশীল কারও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার