বিজ্ঞাপন
হাসপাতালের অপরিচ্ছন্ন টয়লেট নিজহাতে পরিষ্কার করলেন এমপি খোকন
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১০:৫১ পিএম
বিজ্ঞাপন
মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপরিচ্ছন্ন টয়লেট ও জমে থাকা আবর্জনা নিজ হাতে পরিষ্কার করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন। শনিবার, ১৭ অক্টোবর দুপুরে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নেন তিনি।
কর্মসূচির সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন আনিছুর রহমান। টয়লেট পরিষ্কারের পাশাপাশি হাসপাতালের বিভিন্ন স্থানের আবর্জনাও সরান তিনি। এ সময় সরকারি সেবা প্রতিষ্ঠানগুলোকে নিজেদের প্রতিষ্ঠান মনে করে পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
আনিছুর রহমান বলেন, নিজের ঘরের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পরিষ্কার রাখাও সবার দায়িত্ব। এসব প্রতিষ্ঠান সব সময় বাসযোগ্য ও ব্যবহারোপযোগী রাখতে সবাইকে সচেতন হতে হবে।
সেবা নিতে আসা মানুষদের উদ্দেশে তিনি বলেন, যে প্রতিষ্ঠানে তাঁরা সেবা নিতে যান, সেটিকে নিজের বাড়ির মতো মনে করা প্রয়োজন। মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার কাজে জনগণের সচেতনতা ও সহযোগিতাও চান তিনি।
আনিছুর রহমান তালুকদার খোকন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সহশিক্ষাবিষয়ক সম্পাদক। কর্মসূচিতে কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সরদারসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।