বিজ্ঞাপন
উঠোনের একপাশে আজান ও অন্যপাশে শঙ্খধ্বনি
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পিএম
বিজ্ঞাপন
লালমনিরহাট জেলা শহরের কালীবাড়ি এলাকায় পাশাপাশি দাঁড়িয়ে আছে ‘পুরান বাজার জামে মসজিদ’ ও ‘কালীবাড়ি কেন্দ্রীয় মন্দির’। মাত্র ছয় ফুটের ব্যবধানে অবস্থিত ভিন্ন ধর্মের এই দুই উপাসনালয় যুগ যুগ ধরে বহন করে চলেছে অসাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ধর্মীয় সহনশীলতার অনন্য ঐতিহ্য।
একদিকে মন্দিরের কাঁসর-ঘণ্টা ও উলুধ্বনি, অন্যদিকে ভেসে আসে মসজিদের পবিত্র আজানের ধ্বনি। মাঝখানে নেই কোনো প্রাচীর কিংবা বিভেদের রেখা। একই আঙিনায় পাশাপাশি দাঁড়িয়ে থাকা এই দুই উপাসনালয় যেন প্রমাণ করে, ধর্ম আলাদা হলেও পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবিকতার বন্ধন মানুষকে এক সুতোয় বাঁধতে পারে।
স্থানীয় বাসিন্দারা জানান, ১৮৩৬ সালে কালীবাড়ি মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। ওই সময় লালমনিরহাট শহরের কালীবাড়ি পুরান বাজার এলাকায় বিভিন্ন স্থান থেকে আসা ধর্মপ্রাণ মুসলিম ব্যবসায়ীরা নামাজ আদায়ের জন্য মন্দিরের পাশে একটি ছোট ঘর নির্মাণ করে মসজিদ প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে মসজিদটির নামকরণ করা হয় পুরান বাজার জামে মসজিদ। সেই থেকে একই আঙিনায় পাশাপাশি চলছে দুই ধর্মের উপাসনালয়ের কার্যক্রম।
পূজা শুরুর আগে মসজিদ ও মন্দির পরিচালনা কমিটির সদস্যরা একসঙ্গে বসে প্রয়োজনীয় বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেন। স্থানীয়দের দাবি, দীর্ঘ সময়ে মসজিদ ও মন্দির প্রাঙ্গণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সম্প্রীতির এই বিরল দৃষ্টান্ত দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। এমনকি কয়েকটি দেশের রাষ্ট্রদূতও মসজিদ ও মন্দিরটি পরিদর্শন করেছেন বলে জানান স্থানীয়রা।
দীর্ঘদিন ধরে এই আঙিনায় বজায় রয়েছে দুই সম্প্রদায়ের পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সৌহার্দ্য। প্রতিদিন আজান থেকে মসজিদে জামাত শেষ হওয়া পর্যন্ত মন্দিরের ঢাক-ঢোল, কাঁসর-ঘণ্টা, অন্যান্য বাদ্যযন্ত্র ও মাইকের ব্যবহার বন্ধ রাখা হয়। নামাজ শেষ হলে আবারও স্বাভাবিক নিয়মে শুরু হয় মন্দিরের পূজা-অর্চনা ও অন্যান্য ধর্মীয় আচার। দুই সম্প্রদায়ের প্রবীণদের পারস্পরিক আলোচনা, বোঝাপড়া ও আন্তরিকতার মধ্য দিয়ে গড়ে ওঠা এই সহাবস্থানের ঐতিহ্য প্রজন্মের পর প্রজন্ম ধরে অটুট রয়েছে।
জানা গেছে,শারদীয় দুর্গাপূজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় এই প্রাঙ্গণে সম্প্রীতির চিত্র আরও স্পষ্ট হয়ে ওঠে। দুর্গাপূজা চলাকালে নামাজের সময় মন্দিরের স্বেচ্ছাসেবকেরা বাদ্যযন্ত্র ও মাইকের শব্দ বন্ধ রাখেন, যাতে মুসল্লিদের ইবাদতে কোনো বিঘ্ন না ঘটে। অন্যদিকে, ঈদের আনন্দও ভাগাভাগি করে নেন দুই সম্প্রদায়ের মানুষ। ঈদের নামাজ শেষে মুসলিম সম্প্রদায়ের অনেকে পূজামণ্ডপে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। ধর্মীয় আচার-অনুষ্ঠান আলাদা হলেও পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও ভালোবাসার মধ্য দিয়ে তাঁরা সম্প্রীতির বন্ধন অটুট রেখেছেন।
কালীবাড়ি জামে মসজিদের খতিব মোহাম্মদ আলাউদ্দিন বলেন, “ঐতিহ্যবাহী কালীবাড়ি পুরান বাজার জামে মসজিদের পাশেই রয়েছে মন্দিরটি। মসজিদ প্রতিষ্ঠার আগে মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল। তবুও এখানে জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সব শ্রেণির মানুষ স্বাধীনভাবে আসা-যাওয়া করেন। আমরা তাঁদের বিভিন্ন কাজে সহযোগিতা করি, তাঁরাও আমাদের সহযোগিতা করেন। প্রতি ওয়াক্ত নামাজের সময় মন্দিরের ঢাক-ঢোল বন্ধ রাখা হয়। কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই যুগের পর যুগ ধরে এ সম্প্রীতির বন্ধন চলে আসছে।
কালীবাড়ি মন্দিরের সভাপতি ও প্রধান পুরোহিত শংকর চক্রবর্তী বলেন, “১৮৩৬ সালে মন্দিরটি প্রতিষ্ঠিত হওয়ার পর এই এলাকার নামকরণ করা হয় কালীবাড়ি। পরে এখানে বাজার গড়ে উঠলে বাজারের ব্যবসায়ী ও শহরের ধর্মপ্রাণ মুসলমানরা মন্দিরের পাশেই পুরান বাজার জামে মসজিদ প্রতিষ্ঠা করেন। সেই থেকে একই আঙিনায় চলছে দুই ধর্মের দুই উপাসনালয়ের কার্যক্রম। এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা হয় না। জন্মের পর থেকেই এভাবে দুই ধর্মের মানুষকে পাশাপাশি শান্তিপূর্ণভাবে বসবাস করতে দেখে আসছি।
এ বিষয়ে লালমনিরহাটের জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান বলেন, “এখানকার মানুষ সব ধর্মের মানুষের সহাবস্থানে বিশ্বাস করেন। কালীবাড়ি মসজিদ ও মন্দির তারই প্রমাণ। যুগ যুগ ধরে একই আঙিনায় দুটি ধর্মীয় উপাসনালয়ে নিজ নিজ ধর্মের কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা ইতিহাসে একটি বিরল দৃষ্টান্ত।
মসজিদ ও মন্দির পরিদর্শনকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, “বর্তমান বিশ্বে যখন বিভিন্ন স্থানে অস্থিরতা ও বিভেদ দেখা যাচ্ছে, তখন লালমনিরহাটের এই যৌথ আঙিনা শান্তি, সামাজিক সৌহার্দ্য ও অসাম্প্রদায়িকতার এক অনন্য বার্তা দিচ্ছে। এখানকার সম্প্রীতির দৃষ্টান্ত সারা বিশ্বের মানুষের কাছে তুলে ধরার মতো।”
একই আঙিনায় মসজিদ ও মন্দিরের এই সহাবস্থান কেবল দুটি ধর্মীয় প্রতিষ্ঠানের পাশাপাশি থাকার গল্প নয়; এটি পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা, সহযোগিতা ও মানবিক বন্ধনের এক জীবন্ত ইতিহাস। লালমনিরহাটের এই ব্যতিক্রমী প্রাঙ্গণ প্রজন্মের পর প্রজন্ম ধরে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিচ্ছে, যেখানে ধর্মীয় পরিচয় আলাদা হলেও মানুষের মধ্যে সৌহার্দ্য ও ভালোবাসার বন্ধন অটুট।