Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

সিসিটিভি ফুটেজে স্পষ্ট সাবেক অতিরিক্ত সচিবের মৃত্যুর ঘটনা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০২:৪৫ এএম

সিসিটিভি ফুটেজে স্পষ্ট সাবেক অতিরিক্ত সচিবের মৃত্যুর ঘটনা

বিজ্ঞাপন

রাজধানীর রমনায় অবস্থিত অফিসার্স ক্লাবের নতুন নির্মাণাধীন ভবনের বেজমেন্টে পড়ে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনের মৃত্যু হয়েছে। পুরো ঘটনাটি ক্লাবের সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১৬ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে ভবনটির তৃতীয় বেজমেন্টে সিঁড়ির পাশে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ কর্মকর্তারা জানান, সকাল ১০টার দিকে ছোট মেয়েকে নিয়ে অফিসার্স ক্লাবে প্রবেশ করেন মোশাররফ হোসেন।

পরে মেয়েকে সুইমিংপুলের কাছে রেখে তিনি ক্লাবের নতুন নির্মাণাধীন ভবনে যান। প্রায় এক ঘণ্টা পর ভবনটির তৃতীয় বেজমেন্ট থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পরিবারের সদস্যদের বরাতে পুলিশ জানায়, মোশাররফ হোসেনের দৃষ্টিশক্তি কম ছিল।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বলেন, মোশাররফ হোসেন ভবনটির প্রথম বেজমেন্ট থেকে তৃতীয় বেজমেন্টে পড়ে যান।

প্রথম ও তৃতীয় বেজমেন্টের মধ্যকার উচ্চতা আনুমানিক তিনতলার সমান।

তিনি আরও বলেন, অফিসার্স ক্লাবে বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি নতুন ভবনের নির্মাণকাজ চলছিল। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনাটি দুর্ঘটনা বলে প্রতীয়মান হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

মোশাররফ হোসেন অফিসার্স ক্লাবের সদস্য ছিলেন। তিনি পরিবার নিয়ে রাজধানীর বনানীর একটি বাড়িতে বসবাস করতেন।

পারিবারিক সূত্র জানায়, তার বড় মেয়ে যুক্তরাষ্ট্রে থাকেন। তিনি দেশে ফেরার পর মোশাররফ হোসেনের দাফন সম্পন্ন করা হবে বলে জানা গেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার