বিজ্ঞাপন
সৌদিগামী বিমানের ফ্লাইট স্থগিতের সময় বাড়ল ১৮ অক্টোবর পর্যন্ত
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পিএম
বিজ্ঞাপন
সৌদি আরবে বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট স্থগিতের সময় বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৮ অক্টোবর পর্যন্ত এ দুই রুটের সব ফ্লাইট স্থগিত থাকবে। এর আগে ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখার ঘোষণা দিয়েছিলো বিমান বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ সময় ও তারিখ অনুযায়ী ১৮ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। ফ্লাইট পরিচালনার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও নতুন সময়সূচি যথাসময়ে জানানো হবে।
এদিকে, জরুরি প্রয়োজনে যাত্রীরা সৌদি আরবের জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে যাতায়াত করতে পারবেন। যাত্রীদের চাহিদা বিবেচনায় মদিনা রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজের পরিবর্তে বোয়িং ৭৭৭ যুক্ত করা হয়েছে। এতে প্রতি ফ্লাইটে আসনসংখ্যা বেড়েছে ১৪৮টি। পাশাপাশি জেদ্দা রুটে অতিরিক্ত তিনটি ফ্লাইট পরিচালনার ব্যবস্থা করা হয়েছে।
টিকিট ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।