Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

মালয়েশিয়ার শ্রমবাজারে ৩৩৮ এজেন্সির মাধ্যমে কর্মী নিয়োগ শুরু

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পিএম

মালয়েশিয়ার শ্রমবাজারে ৩৩৮ এজেন্সির মাধ্যমে কর্মী নিয়োগ শুরু

বিজ্ঞাপন

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে সরকার। দেশটির শ্রমবাজারে কর্মী পাঠাতে বাংলাদেশের ৩৩৮টি রিক্রুটিং ও প্রসেসিং এজেন্সিকে তালিকাভুক্ত করতে সম্মত হয়েছে মালয়েশিয়া। পাশাপাশি ১০ হাজার বাংলাদেশি কর্মীকে বিনা খরচে (জিরো কস্ট) নেওয়ার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে দেশটি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তালিকাভুক্ত এজেন্সিগুলোর মধ্যে রয়েছে সরকারি রিক্রুটিং প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল), ২৫টি বেসরকারি প্রসেসিং বা সার্ভিস এজেন্সি এবং ৩১২টি রিক্রুটিং এজেন্সি।

নতুন ব্যবস্থায় অনুমোদিত রিক্রুটিং এজেন্সিগুলো নিজেরাই মালয়েশিয়ার নিয়োগকর্তা খুঁজে কাজের চাহিদাপত্র (জব অর্ডার) সংগ্রহ এবং কর্মী নির্বাচন করতে পারবে। সংশ্লিষ্ট এজেন্সি নিজস্ব লাইসেন্সের অধীনে কর্মীদের বিএমইটি ছাড়পত্রের কার্যক্রমও সম্পন্ন করতে পারবে। অন্যদিকে, বোয়েসেলসহ ২৫টি প্রসেসিং এজেন্সি ভিসা ও অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়ায় সহায়তা করবে।

মন্ত্রণালয় জানায়, মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু এবং বৈধ বাংলাদেশি এজেন্সিগুলোর অংশগ্রহণ বাড়াতে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। কর্মীদের অভিবাসন ব্যয় কমানো, নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং কর্মীদের স্বার্থ সুরক্ষাকে সরকার গুরুত্ব দিচ্ছে।

এদিকে, মালয়েশিয়ায় যাওয়ার জন্য মেডিকেল পরীক্ষার অনুমোদিত কেন্দ্রগুলোর তালিকা চূড়ান্ত করার কাজ চলছে। আপাতত মালয়েশিয়ার ওয়েবসাইটে তালিকাভুক্ত কেন্দ্রগুলোর মধ্য থেকে বিতর্কিত ও অনিয়মের সঙ্গে সংশ্লিষ্ট কেন্দ্রগুলো বাদ দিয়ে অবশিষ্ট কেন্দ্রের মাধ্যমে কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী সময়ে মালয়েশিয়ার স্বাস্থ্য, মানবসম্পদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ প্রতিনিধি দল বাংলাদেশে কেন্দ্রগুলো পরিদর্শন করে পূর্ণাঙ্গ তালিকা চূড়ান্ত করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মালয়েশিয়ায় যেতে আগ্রহী কর্মীরা তালিকাভুক্ত ও অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। কোনো একটি মেডিকেল সেন্টারকে এককভাবে স্বাস্থ্য পরীক্ষা পরিচালনার সুযোগ দেওয়া হবে না।

সরকারের লক্ষ্য হলো, আরও বেশি কর্মসংস্থান সৃষ্টি, নিয়োগপ্রক্রিয়ায় প্রতিযোগিতা নিশ্চিত করা এবং কর্মীদের জন্য সাশ্রয়ী ও স্বচ্ছ অভিবাসনব্যবস্থা গড়ে তোলা বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার