বিজ্ঞাপন
ঢাকা-পোখারা রুটে ফ্লাইট চালু করতে চায় নেপাল
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পিএম
বিজ্ঞাপন
ঢাকা-পোখারা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালুর বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে নেপাল। একই সঙ্গে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হলে সেখানে সরাসরি ফ্লাইট পরিচালনার সম্ভাবনা তৈরি হতে পারে বলে আশা করছে বাংলাদেশ।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। এ সময় দুই দেশের মধ্যে পর্যটন সহযোগিতা জোরদার এবং যোগাযোগব্যবস্থার উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে মন্ত্রী জানান, আগামী মাসে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করা হবে। এর ফলে নেপালি পর্যটকদের সরাসরি কক্সবাজার ভ্রমণের সুযোগ তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ ক্ষেত্রে নেপালের লিগ্যাসি ক্যারিয়ার হিমালয়ান এয়ারলাইন্স কক্সবাজারে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
সাক্ষাতে দুই দেশের মধ্যে পর্যটক বিনিময় বৃদ্ধি, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং যৌথ উদ্যোগে পর্যটন শিল্পের বিকাশে সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
উভয় পক্ষ বাংলাদেশ ও নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং পর্যটন খাতে সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে।