বিজ্ঞাপন
সার সংকট নিয়ে ১১ দলীয় জোটের এমপিদের ঘিরে প্রতিমন্ত্রীর অভিযোগ
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পিএম
বিজ্ঞাপন
দেশের কয়েকটি জেলায় সার সংকট তৈরির পেছনে ১১ দলীয় জোটের সংসদ সদস্যদের লোকজনের ভূমিকা থাকতে পারে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সরকারকে বিভ্রান্ত করতে তাদের দলীয় লোকজন এ সংকট তৈরি করে থাকতে পারেন বলে মন্তব্য করেন তিনি।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ঘোড়াইঘাট এলাকায় গড়াই নদীর ওপর প্রস্তাবিত শহীদ আবরার ফাহাদ সেতুর স্থান পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
মীর শাহে আলম বলেন, যেসব জেলায় সার নিয়ে সমস্যা তৈরি হয়েছে, সেসব জেলার সংসদ সদস্যরা ১১ দলীয় জোটের। অন্যদিকে বিএনপির সংসদ সদস্য রয়েছেন, এমন জেলাগুলোতে সার নিয়ে কোনো সমস্যা হয়নি বলে দাবি করেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া সার ডিলারদের আগের সরকারের আমলে নিয়োগ দেওয়া হয়েছিল। তাদের অসহযোগিতার কারণে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। বর্তমান সরকারের আমলে সার ডিলার নিয়োগে কোনো অনিয়ম হয়ে থাকলে তা খতিয়ে দেখা হবে।
এর আগে প্রতিমন্ত্রী কুমারখালী উপজেলার রায়ডাঙ্গায় শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে তিনি গাড়িতে ওঠার সময় সেখানে বিএনপি ও ছাত্রদলের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় ভিডিও ধারণ করতে গিয়ে স্টার নিউজের এক সাংবাদিকসহ দুজন হামলার শিকার হন বলে জানা গেছে।
পরে প্রতিমন্ত্রী সেতু নির্মাণের সম্ভাব্য দুটি স্থান পরিদর্শন করেন। এ সময় জেলার বর্তমান ও সাবেক বিএনপির সংসদ সদস্য এবং শহীদ আবরার ফাহাদের বাবা মো. বরকত উল্লাহ উপস্থিত ছিলেন।