বিজ্ঞাপন
নিজের বাড়ির জানালা হলে কি এভাবে কাজ করতেন? প্রশ্ন রেলমন্ত্রীর
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০২:২০ এএম
বিজ্ঞাপন
নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় পরিদর্শনে গিয়ে রেলওয়ে কোচের সংস্কার কাজে নিম্নমানের জানালা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।
এ সময় কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নূর মোহাম্মদকে উদ্দেশ্য করে তিনি বলেন, নিজের বাড়ির জানালা হলে কি এভাবে কাজ করতেন? আপনার কোন রুচি নেই।
মঙ্গলবার ( ১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় রেলওয়ে কারখানা পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে কোচের জানালা সংস্কার কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, এত বড় একটি রেল কারখানায় রেলওয়ে কোচ সংস্কারের কাজের মান এত নিম্নমানের আমার জানা ছিলোনা। এখানে নিজে না এলে তা কোনোভাবেই বুঝতে পারতেন না। এ ধরনের কাজ দেখার পর এখানকার কর্মকর্তা ও কর্মচারীদের যোগ্যকা নিয়েও সন্দেহ রয়েছে।
তিনি বলেন, যে শ্রমিকরা কাজ জানে তারা ভালো কাজ করতে পারেন। এই কারখানা ঘুরে দেখে বুঝলাম এখানে কি ধরনের দক্ষ কর্মকর্তা ও শ্রমিক রয়েছে। যদি কর্মকর্তাই কাজ না বুঝে তাহলে কর্মচারীরাই কি কাজ করবে।
বিভাগীয় তত্ত্বাবধায়ক শাহ সুফি নূর মোহাম্মদকে উদ্দেশ্য করে মন্ত্রী আরও বলেন, এখানে জানালা যেভাবে সংস্কার করা হচ্ছে, এর চেয়ে অনেক ভালো কাজ ছোটখাটো যেকোনো ওয়ার্কশপেও করা সম্ভব। নিজের বাড়ির জানালা সংস্কারের কাজ হলেও কি এভাবে করতেন এমন প্রশ্নও তোলেন তিনি।
পরিদর্শনের সময় মন্ত্রী সৈয়দপুর রেলওয়ে কারখানার ক্যারেজ শপ, জাদুঘরসহ বিভিন্ন শপ ঘুরে দেখেন। পরে কারখানার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি। এরপর পার্বতীপুরের উদ্দেশ্যে সৈয়দপুর রেলওয়ে কারখানা ত্যাগ করেন মন্ত্রী।