Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

ড. ইউনূসকে হেনস্তা ইস্যুতে এক লাইনের পোস্টে কী বললেন পাটওয়ারী?

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পিএম

ড. ইউনূসকে হেনস্তা ইস্যুতে এক লাইনের পোস্টে কী বললেন পাটওয়ারী?

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার (১৩ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী তার এক লাইনের পোস্টে লেখেন, ‘ড. ইউনূসের ওপর আওয়ামী সন্ত্রাসের তীব্র নিন্দা জানিয়ে রাখলাম।’

এর আগে সোমবার (১২ অক্টোবর) নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা থেকে নিউইয়র্কে পৌঁছানোর পর ড. ইউনূসকে ঘিরে ধরেন কয়েকজন প্রবাসী বাংলাদেশি। এ সময় তারা বাংলাদেশে গ্রেপ্তার, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং তার যুক্তরাষ্ট্র সফরের কারণ নিয়ে প্রশ্ন তোলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি ড. ইউনূসকে বারবার যুক্তরাষ্ট্রে আসার কারণ জানতে চাইছেন। একপর্যায়ে তাকে উদ্দেশ করে ওই ব্যক্তি বলেন, ‘আপনি সন্ত্রাসী। আপনি বাংলাদেশে মানুষ হত্যা করেছেন। কেন এখানে এসেছেন?’

এ সময় ওই ব্যক্তি বাংলাদেশে বিপুলসংখ্যক মানুষকে গ্রেপ্তার এবং হাজার হাজার পুলিশ সদস্যকে হত্যার অভিযোগও তোলেন। পাশাপাশি ড. ইউনূসের বিরুদ্ধে দেশের গণতন্ত্র ধ্বংসের অভিযোগ করেন তিনি।

পরে সঙ্গে থাকা এক সহযোগীর সহায়তায় সেখান থেকে সামনের দিকে এগিয়ে যান ড. মুহাম্মদ ইউনূস।

এদিকে হেনস্তাকারী প্রবাসীদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে তারা দেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সমর্থক বলে সোশাল মিডিয়ায় অনেকে দাবি করছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার