Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নাহিদ ইসলামের বিস্ফোরক পোস্ট

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৪:১১ পিএম

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নাহিদ ইসলামের বিস্ফোরক পোস্ট

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিবাদ জানান। একই সঙ্গে গণহত্যা ও সন্ত্রাসের দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরুর দাবি করেন তিনি।

নাহিদ ইসলাম লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার চেষ্টা আবারও আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির নির্মম, সহিংস ও অমানবিক চরিত্রকে উন্মোচিত করেছে। আমরা ফ্যাসিবাদী সন্ত্রাসীদের এমন অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

তিনি লিখেছেন, ‘এ দেশের জনগণের কাছে চূড়ান্তভাবে প্রত্যাখ্যাত হওয়ার দুই বছর পরও আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর চরিত্রে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি। তাদের মধ্যে অতীতের অপকর্মের জন্য ন্যূনতম অনুশোচনার কোনো লক্ষণও নেই।’

‘দেশে-বিদেশে সক্রিয় এই সন্ত্রাসী নেটওয়ার্ককে সম্পূর্ণভাবে প্রতিহত করতে হবে। জুলাই গণহত্যাসহ ফ্যাসিস্ট আমলের গুম, খুনে জড়িতদের বিচার শেষ করে দ্রুত রায় কার্যকর করতে হবে। এছাড়া গণহত্যা ও সন্ত্রাসের দায়ে অবিলম্বে দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু করতে হবে।’

তিনি আরও লিখেছেন, ‘জাতির ক্রান্তিকালে দেশের হাল ধরে গণতন্ত্র পুনরুদ্ধার ও ধ্বংসস্তূপে পরিণত হওয়া অর্থনীতি পুনর্গঠনে নেতৃত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সদস্যরা। তাদের সবার নিরাপত্তা নিশ্চিতে সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।’অর্থনীতি শিখুন

এর আগে সোমবার (১২ অক্টোবর) নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা থেকে নিউইয়র্কে পৌঁছানোর পর ড. ইউনূসকে ঘিরে ধরেন কয়েকজন প্রবাসী বাংলাদেশি। এ সময় তারা বাংলাদেশে গ্রেপ্তার, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং তার যুক্তরাষ্ট্র সফরের কারণ নিয়ে প্রশ্ন তোলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি ড. ইউনূসকে বারবার যুক্তরাষ্ট্রে আসার কারণ জানতে চাইছেন। একপর্যায়ে তাকে উদ্দেশ করে ওই ব্যক্তি বলেন, ‘আপনি সন্ত্রাসী। আপনি বাংলাদেশে মানুষ হত্যা করেছেন। কেন এখানে এসেছেন?’

এ সময় ওই ব্যক্তি বাংলাদেশে বিপুলসংখ্যক মানুষকে গ্রেপ্তার এবং হাজার হাজার পুলিশ সদস্যকে হত্যার অভিযোগও তোলেন। পাশাপাশি ড. ইউনূসের বিরুদ্ধে দেশের গণতন্ত্র ধ্বংসের অভিযোগ করেন তিনি।

পরে সঙ্গে থাকা এক সহযোগীর সহায়তায় সেখান থেকে সামনের দিকে এগিয়ে যান ড. মুহাম্মদ ইউনূস।

এদিকে হেনস্তাকারী প্রবাসীদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে তারা দেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সমর্থক বলে সোশাল মিডিয়ায় অনেকে দাবি করছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার