Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

ওসমান হাদিকে কেন হত্যা করা হলো, প্রশ্ন ইনকিলাব মঞ্চের আহ্বায়কের

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৩২ এএম

ওসমান হাদিকে কেন হত্যা করা হলো, প্রশ্ন ইনকিলাব মঞ্চের আহ্বায়কের

বিজ্ঞাপন

শহীদ শরীফ ওসমান হাদি হত্যার দ্রুত বিচার, গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, পিলখানা ও শাপলা গণহত্যার বিচারের দাবিতে নীলফামারীতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। কর্মসূচিতে সংগঠনটির আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের প্রশ্ন তুলেছেন, শহীদ ওসমান হাদীকে কেন হত্যা করা হলো?

সোমবার (১২ অক্টোবর) রাত ৯টায় নীলফামারী শহরের চৌরঙ্গী মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বড় বাজারে সমাবেশ করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তব্যে আব্দুল্লাহ আল জাবের বলেন, গত ৫৫ বছর ধরে স্বাধীনতার কথা বলা হলেও কার্যত দিল্লির প্রেসক্রিপশন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হয়ে আসছে এমন ধারণা বাংলাদেশের সাধারণ মানুষের কাছে তুলে ধরতে সক্ষম হয়েছিলেন শহীদ ওসমান হাদি। সেই আধিপত্য থেকে মুক্তির আকাঙ্ক্ষা থেকেই জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

আব্দুল্লাহ আল জাবের বলেন, শহীদ ওসমান হাদি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক ছিলেন। তাঁর শাহাদাতের পর অনেকেই মনে করেছেন যে, কথা বলার মতো আর কেউ নেই। জুলাই গণঅভ্যুত্থানে সামনের সারিতে থাকা ব্যক্তিদের গণমাধ্যমে চরিত্রহনন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

বিচারব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, দেশে কোনো ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল না হলে অনেক ক্ষেত্রে বিচার পাওয়া কঠিন হয়ে পড়ে। একজন নাগরিক অন্যায়ভাবে নির্যাতন বা হত্যার শিকার হলে রাষ্ট্রকেই তাঁর বিচার নিশ্চিত করতে হবে। বিচার পাওয়ার জন্য যেন কাউকে দ্বারে দ্বারে ঘুরতে না হয়, এমন একটি বিচারব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানান আব্দুল্লাহ আল জাবের।

সরকারের সমালোচনা করে ইনকিলাব মঞ্চের এই নেতা বলেন, জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দ্রব্যমূল্য ও জনজীবনের সংকট নিয়ে কথা বললে অন্য প্রসঙ্গ সামনে এনে তালবাহানা করেন সরকার বলে মন্তব্য করেন তিনি।

জুলাই সনদ প্রসঙ্গে আব্দুল্লাহ আল জাবের বলেন, জুলাই সনদ কি শুধু শেখ হাসিনাকে বিদায় করে তারেক রহমানকে ক্ষমতায় আনার জন্য হয়েছিল, নাকি বাংলাদেশকে একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল? গণভোটের রায় উপেক্ষা করা এবং শাপলা ও পিলখানা হত্যাকাণ্ডের বিচার না করার জন্য সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে অবস্থানের কারণেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসা রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত পরিবর্তনকে অবজ্ঞা না করার আহ্বানও জানান তিনি।

জাবের বলেন, দেশের নাগরিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাহলে জনগণ সরকারের পাশে থাকবে। অন্যদিকে, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও জুলুমের মাধ্যমে মানুষের অধিকার হরণকারীদের বিরুদ্ধে দাঁড়াবে জনগণ।

সমাবেশে ইনকিলাব মঞ্চের তিন দফা দাবি পুনর্ব্যক্ত করেন। দাবিগুলো হলো, শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার, গণভোটের গণরায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, পিলখানা ও শাপলা গণহত্যার বিচার।

তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে সংগঠনটির সদস্য সচিব ফাতেমা তাসনিম জুমা সহ ইনকিলাব মঞ্চের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার