Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নতুন ৯ নিষেধাজ্ঞা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৩:২৯ এএম

সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নতুন ৯ নিষেধাজ্ঞা

বিজ্ঞাপন

বাংলাদেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত, প্রবেশাধিকার নিয়ন্ত্রণ এবং সুশৃঙ্খল যানবাহন ব্যবস্থাপনার জন্যে দুপুর ১২টার আগে সব ধরনের দর্শনার্থী প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একইসঙ্গে সচিবালয়ের বিভিন্ন ভবনে প্রবেশাধিকার যাচাই, দর্শনার্থী পাস ইস্যুর সংখ্যা নির্ধারণ ও রাতে অবস্থান সীমিত করাসহ কঠোর ৯ দফা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

গত ৪ অক্টোবর সচিবালয়ের নিরাপত্তা জোরদারকরণ সংক্রান্ত এক উচ্চপর্যায়ের আন্তমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) উপস্থিত ছিলেন। সম্প্রতি সভার অনুমোদিত কার্যবিবরণী থেকে এ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা প্রকাশ পায়।

নতুন নির্দেশনা অনুযায়ী, দর্শনার্থী প্রবেশ নীতিমালায় বড় ধরনের কড়াকড়ি আনা হয়েছে। মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, উপদেষ্টা এবং বিশেষ সহকারীরা দৈনিক সর্বোচ্চ ১০টি দর্শনার্থী পাস ইস্যু করতে পারবেন। মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, সিনিয়র সচিব ও সচিবরা সর্বোচ্চ পাঁচটি, অতিরিক্ত সচিবরা তিনটি এবং যুগ্মসচিবরা দুটি করে দর্শনার্থী পাস দিতে পারবেন। পাস ইস্যু থাকা সাপেক্ষেও দুপুর ১২টার পূর্বে কোনো দর্শনার্থী সচিবালয় চত্বরে প্রবেশ করতে পারবেন না। পাশাপাশি সচিবালয়ে আগত দর্শনার্থীদের সব ধরনের কার্যক্রম ও গতিবিধি নজরদারিতে রাখতে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিদেশি দর্শনার্থীদের ক্ষেত্রে পৃথক ও বিশেষ নিবন্ধন ব্যবস্থা কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে তাদের পূর্ণাঙ্গ পরিচয়, সচিবালয়ে আগমনের সুনির্দিষ্ট উদ্দেশ্য, সংশ্লিষ্ট কর্মকর্তা বা দপ্তরের বিবরণ এবং প্রবেশ ও প্রস্থানের সময় লিপিবদ্ধ করে স্থায়ীভাবে সংরক্ষণ করতে হবে। এ ছাড়া সংসদ সদস্যরা ব্যক্তিগত গাড়িতে সচিবালয়ে প্রবেশের সময় কেবল তাদের ব্যক্তিগত কর্মকর্তা ও চালককে সঙ্গে নিতে পারবেন; তবে প্রবেশের আগে তাদের পরিচয় ও অনুমোদন যথাযথভাবে যাচাই করা হবে।

নিরাপত্তা কাঠামোর উন্নয়ন ও ভবনভিত্তিক প্রবেশ নিয়ন্ত্রণে সচিবালয়ের ১ নম্বর ভবনসহ প্রতিটি ভবনে পৃথক স্বয়ংক্রিয় ‘অ্যাকসেস কন্ট্রোল সিস্টেম’ স্থাপনের দায়িত্ব দেওয়া হয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে। এর মাধ্যমে শুধুমাত্র অনুমোদিত কর্মকর্তা, কর্মচারী ও নির্দিষ্ট ব্যক্তিরাই নিজ নিজ ভবনে প্রবেশের সুযোগ পাবেন। কোনো কর্মকর্তা বা কর্মচারী অন্য দপ্তরে বদলি হলে আদেশ কার্যকরের সাত দিনের মাথায় তার নামে থাকা স্থায়ী প্রবেশ পাসের কার্যকারিতা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

যানবাহন ব্যবস্থাপনার ক্ষেত্রে সচিবালয় প্রাঙ্গণে গাড়ি প্রবেশ, অবস্থান ও পার্কিং সংক্রান্ত নিয়মাবলি কঠোরভাবে তদারক করবে দায়িত্বরত পুলিশ বাহিনী। নিয়মের ব্যত্যয় ঘটলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। চত্বরে গাড়ির বিশৃঙ্খলা রোধে বিশেষ পার্কিং স্টিকার চালুর নির্দেশনা দেওয়া হয়েছে; অনুমোদিত স্টিকার ছাড়া কোনো গাড়ি সচিবালয়ের ভেতরে প্রবেশ বা পার্কিং করতে পারবে না।

এ ছাড়া দপ্তর সময়ের পর রাতের নিরাপত্তা নিয়ে কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, রাতের বেলা সচিবালয় প্রাঙ্গণে কোনো কর্মকর্তা, কর্মচারী কিংবা অননুমোদিত ব্যক্তি অবস্থান করতে পারবেন না। অতি জরুরি বা প্রাতিষ্ঠানিক প্রয়োজনে রাতে অবস্থানের বাধ্যবাধকতা থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে পূর্বানুমোদন নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, সচিবালয়ের সার্বিক পরিবেশ নিরাপদ ও শৃঙ্খলাবদ্ধ রাখতেই এসব পদক্ষেপ কার্যকর করা হচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার