বিজ্ঞাপন
বিদেশে সচিব পদে পদোন্নতি পেলেন ৩ নারী কুটনীতিক ও রাষ্ট্রদূত
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৩:২৯ এএম
বিজ্ঞাপন
বিদেশে বাংলাদেশের তিন নারী রাষ্ট্রদূতকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তারা হলেন ব্রুনাইয়ে বাংলাদেশের হাইকমিশনার নওরীন আহসান, নিউজিল্যান্ডে হাইকমিশনার সামিনা নাজ এবং গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা।
সোমবার (১২ অক্টোবর) এক প্রজ্ঞাপনে এই তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পদোন্নতি পাওয়া তিন কর্মকর্তার মধ্যে নওরীন আহসান ও সামিনা নাজ বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। নাহিদা রহমান সুমনা ১৭তম ব্যাচের কর্মকর্তা।
সামিনা নাজের কূটনৈতিক অভিজ্ঞতা
নিউজিল্যান্ডের ওয়েলিংটনে দায়িত্ব নেওয়ার আগে সামিনা নাজ ভিয়েতনাম ও মিসরে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন। ওয়েলিংটনে তিনি নিউজিল্যান্ডে বাংলাদেশের প্রথম আবাসিক হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০১৩ সালে ভারতের মুম্বাইয়ে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে একটি বাংলাদেশ মিশনে প্রথমবারের মতো নারী কূটনীতিকের নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়। এ ছাড়া সামিনা নাজ নেদারল্যান্ডসের হেগ, ভারতের দিল্লি এবং নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনেও বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।
নাহিদা রহমান ও নওরীন আহসানের অভিজ্ঞতা
গ্রিসের এথেন্সে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার আগে নাহিদা রহমান সুমনা চার বছর ব্রুনাইয়ে বাংলাদেশের হাইকমিশনার ছিলেন। তার কূটনৈতিক কর্মজীবনে ব্রাজিলের ব্রাসিলিয়া, কানাডার অটোয়া, ভারতের কলকাতা এবং অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাংলাদেশের মিশনে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
অন্যদিকে, ১৯৯৫ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন নওরীন আহসান। দীর্ঘ কূটনৈতিক কর্মজীবনে তিনি দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া, নেদারল্যান্ডসের হেগ এবং কানাডার অটোয়ায় বাংলাদেশের মিশনে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ব্রুনাইয়ে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্বে রয়েছেন।