Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তার এজাহারে যা আছে

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পিএম

গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তার এজাহারে যা আছে

বিজ্ঞাপন

রাজধানীর পল্লবী ও বনানী থেকে গ্রেফতার অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কাজী গুলশান আরা ও লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষের বিরুদ্ধে এজাহার দায়ের করেছে পুলিশ।

সোমবার (১২ অক্টোবর) পল্লবী থানায় পুলিশ বাদী হয়ে ওই দুজনের বিরুদ্ধে এজাহার দায়ের করে।

এজাহারে তাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনা, অর্থায়ন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক কনটেন্ট প্রচারের অভিযোগ আনা হয়েছে।

এজাহার অনুযায়ী, রোববার (১১ অক্টোবর) দিনগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। কাজী গুলশান আরাকে পল্লবীর সেকশন-১১ এলাকার নিজ বাসা থেকে রাত সাড়ে ১২টার দিকে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে দেবাশীষকে বনানী ডিওএইচএস এলাকার বাসা থেকে রাত আড়াইটার দিকে গ্রেফতার করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানির অভিযোগ

এজাহারে বলা হয়েছে, কাজী গুলশান আরা ও তার সহযোগীরা পল্লবীতে তার বাসায় অবস্থান করে ‘Bangladesh Awami League Supporters Alpha #1’ এবং ‘BBM Transparency’-এর উল্লেখ থাকা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে যুক্ত থেকে তহবিল সংগ্রহ এবং সহিংসতামূলক ডিজিটাল কনটেন্ট তৈরি ও প্রচার করছিলেন।

এছাড়া অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ‘Unity Care’ ও ‘Public Parliament’ প্ল্যাটফর্মের মাধ্যমে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং পলাতক শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আওয়ামী লীগের পুনর্বাসন ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

এজাহারে আরও বলা হয়েছে, ‘কালআজকাল.কম’ নামে একটি পেজ তৈরি করে সহিংসতা ও অস্থিতিশীলতা উসকে দেওয়ার মতো কনটেন্ট প্রচার করা হচ্ছিল। কাজী গুলশান আরার একটি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে রাষ্ট্রবিরোধী কার্যক্রম প্রচার ও পরিচালনার অভিযোগও করা হয়েছে।

বঙ্গবন্ধু সেনা পরিষদ গঠনের অভিযোগ

এজাহারে আরও উল্লেখ করা হয়, ২০১৮ সালের ২৭ নভেম্বর জাতীয় নির্বাচনের আগে দেড় শতাধিক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার সঙ্গে কাজী গুলশান আরা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে তার প্রতি একাত্মতা ও আনুগত্য প্রকাশ করেন বলে অভিযোগ রয়েছে।

এছাড়া ১০১ জনকে নিয়ে ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ নামে একটি কমিটি গঠন এবং ওই সংগঠনে সক্রিয় সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের অভিযোগ করা হয়েছে।

বিদেশ যেতে চেয়েছিলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট গুলশান আরা

পুলিশের দাবি, সংগঠনটির মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে বিদ্বেষ ছড়ানো, দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি এবং সামাজিক যোগাযোগমাধ্যম ও টকশোতে আইনবলে প্রতিষ্ঠিত সরকারের প্রতি ঘৃণা ও অবজ্ঞা প্রকাশের মতো কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে গ্রেফতার দুজন ও তাদের সহযোগীরা সরকার এবং বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও কুৎসামূলক প্রচারণা চালিয়ে আসছিলেন। তাদের সঙ্গে দেশি-বিদেশি গুপ্তচরদের যোগাযোগ থাকার অভিযোগও আনা হয়েছে।

যেসব ধারায় মামলা

গ্রেফতার দুজন ও তাদের সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন এবং সাইবার সুরক্ষা আইনে মামলা রুজু করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন জানান, গ্রেফতার দুজনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলমা। তদন্তে সবকিছু বিষয় উঠে আসবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার