বিজ্ঞাপন
২৬ বছর কচুরিপানা-লতাপাতা খেয়ে জীবনধারণ, প্রতিমন্ত্রীর আশ্বাসে ভাত খাচ্ছেন অমল
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পিএম
বিজ্ঞাপন
বয়স ৬৬ বছর। নেই নিজের ঘরবাড়ি, স্ত্রী-সন্তান কিংবা সংসার। দীর্ঘদিন ধরে অভাব-অনটনের মধ্যে কাটছে তাঁর জীবন। প্রায় ২৬ বছর ধরে ক্ষুধা নিবারণে কচুরিপানা, লতাপাতা ও বিভিন্ন বন্য উদ্ভিদ খেয়ে জীবন ধারণ করেছেন পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সারেংকাঠি ইউনিয়নের অমল কৃষ্ণ সুতার।
তবে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর সুমনের আশ্বাসে সম্প্রতি বন্য উদ্ভিদ খাওয়া ছেড়ে ভাত খাওয়া শুরু করেছেন তিনি। অমলের জন্য ঘর নির্মাণ ও চাকরির ব্যবস্থা করার আশ্বাসও দেওয়া হয়েছে।
অমল কৃষ্ণ সুতার জানান, প্রায় ২৬ বছর আগে অভাবের কারণে বিভিন্ন বন্য ও জলজ উদ্ভিদ খাওয়া শুরু করেন তিনি। একপর্যায়ে তা অভ্যাসে পরিণত হয়। জঙ্গল, নদীর চর, খাল-বিল ও জলাভূমিতে পাওয়া কচুরিপানা, লতাপাতা, টগরা ও কচুর ডগাসহ বিভিন্ন উদ্ভিদ খেয়েই দিন কাটত তাঁর। প্রকৃতিতে যা পাওয়া যেত, তা দিয়েই ক্ষুধা নিবারণের চেষ্টা করতেন তিনি।
অমল কৃষ্ণ বলেন, ‘প্রায় ২৬ বছর ধরে এসব খেয়ে আমি ভালো আছি। অভাবের কারণে এসব খাওয়া শুরু করেছিলাম। পরে সেটাই অভ্যাস হয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘প্রতিমন্ত্রী সোহেল মনজুর সুমন স্যার ফোন করে আশ্বাস দিয়েছেন, তিনি চাকরি দেবেন ও সহযোগিতা করবেন। সেই আশায় ভাত খাওয়া শুরু করেছি।’
নেছারাবাদ উপজেলা বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব আলহাজ আব্দুল্লাহ আল বেরুনী সৈকত জানান, প্রতিমন্ত্রীর আশ্বাসে অমল কৃষ্ণ এখন ভাত খাওয়া শুরু করেছেন। তাঁকে একটি বাড়ি করে দেওয়া হবে এবং তাঁর জন্য চাকরির ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
স্থানীয় শিক্ষক অনুপ কুমার সুতার বলেন, প্রায় ২৫ থেকে ২৬ বছর ধরে অমলকে এভাবে জীবনযাপন করতে দেখছেন তাঁরা। জঙ্গল ও খাল-বিল থেকে খাবার সংগ্রহ করে খেতেন তিনি। এত বছর এমন জীবনযাপনের পরও তাঁকে বেশ সতেজ মনে হয়।
স্থানীয় বাসিন্দা রিপন জানান, এ ধরনের জীবনযাপন করা মানুষ এলাকায় খুবই বিরল। দীর্ঘদিন ধরে অমলকে একইভাবে জীবন কাটাতে দেখছেন তাঁরা।
জানা গেছে, অমল কৃষ্ণ সুতার ১৯৮১ সালে বিজ্ঞান বিভাগ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। এরপর নানা প্রতিকূলতার মধ্য দিয়ে তাঁর জীবন চলতে থাকে। প্রায় ২৬ বছর আগে তীব্র খাদ্যসংকটের কারণে বন্য উদ্ভিদ খাওয়া শুরু করেন তিনি। বর্তমানে নিজের কোনো ঘরবাড়ি না থাকায় কখনো পরিচিতজনের বাড়িতে, আবার কখনো অন্যের ঘরে রাত কাটান। তাঁকে মাঝেমধ্যে ইন্দেরহাট ফেরিঘাট এলাকায় একটি জরাজীর্ণ ঘরে অবস্থান করতেও দেখা যায়।
নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জানান, অমল কৃষ্ণের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষায় বর্তমানে কোনো রোগের প্রমাণ পাওয়া যায়নি। তবে অপরিচিত বন্য উদ্ভিদ খাওয়ার ক্ষেত্রে স্বাস্থ্যঝুঁকি থাকতে পারে।