Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

পুলিশের সাড়ে ৭ ঘণ্টার অভিযান, নারী শ্রমিককে জিম্মির পর সর্দারসহ আটক ৬

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পিএম

পুলিশের সাড়ে ৭ ঘণ্টার অভিযান, নারী শ্রমিককে জিম্মির পর সর্দারসহ আটক ৬

বিজ্ঞাপন

ঢাকার সাভারের আশুলিয়ায় টানা সাড়ে সাত ঘণ্টার অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার শাওনসহ ৬ সদস্যকে আটক করেছে পুলিশ। অভিযানের সময় পুলিশের ওপর হামলা, ঘরের দরজা ভেঙে পালানোর চেষ্টা এবং এক নারী পোশাক শ্রমিককে জিম্মি করার মতো ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।

সোমবার (১২ অক্টোবর) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়ার জামগড়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) রাশেদুজ্জামান।

এর আগে রোববার দিবাগত রাত থেকে সোমবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া এলাকার মোত্তালেবের মালিকানাধীন একটি ভাড়া বাড়িতে এ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, মূলত গাজীপুরের কাশিমপুর থানার একটি ডাকাতি মামলার তদন্ত করতে গিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার অস্ত্রধারী শাওন ও তার চক্রের সন্ধান পাওয়া যায়। চক্রটি জামগড়ার ওই আধাপাকা বাসায় ভাড়ায় থেকে আশপাশের লোকজনকে সরিয়ে সেখানে নিজেদের আস্তানা গড়ে তুলেছিল। রাতে পুলিশের একাধিক টিম বাড়িটি ঘেরাও করলে ভেতরে থাকা ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। নিজেদের রক্ষায় তারা ঘরের ভেতর পরপর তিন-চারটি দরজা ভেঙে পুলিশকে প্রতিহত করার চেষ্টা করে।

পুলিশ আরও জানায়, একপর্যায়ে পালানোর জন্য ডাকাতরা এক নারী পোশাক শ্রমিকের গলায় ছুরি ধরে তাকে জিম্মি করার চেষ্টাও করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গ্যাসগানের ব্যবহার করে এবং দীর্ঘ সাড়ে সাত ঘণ্টার সুকৌশলী অভিযানে সকালে সর্দার শাওনসহ ছয়জনকে আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের আস্তানা থেকে ১০-১২টি দেশীয় অস্ত্র (রামদা) ও ডাকাতির কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে টঙ্গীবাড়ি, জিরাবো, কাশিমপুরসহ আশপাশের এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি ও ছিনতাই চালিয়ে আসছিল। তবে তাৎক্ষণিকভাবে শাওন ছাড়া বাকি পাঁচজনের বিস্তারিত নাম-পরিচয় জানানো হয়নি।

এ বিষয়ে আশুলিয়ার জামগড়া পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) রাশেদুজ্জামান বলেন, কাশিমপুর থানার একটি মামলার সূত্র ধরে আমরা এই ডাকাত দলের সন্ধান পাই। আটকের সময় তারা অত্যন্ত চতুরতার সাথে পুলিশের ওপর হামলা চালায় এবং এক নারীকে জিম্মি করে। তবে আমাদের টিমের দীর্ঘ ও সতর্ক অভিযানের পর তাদের আটক করা সম্ভব হয়। ডাকাত সর্দার শাওনের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার