Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

স্ত্রীকে কুপিয়ে-গলাকেটে হত্যার পর ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন স্বামী

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১২:৫০ পিএম

স্ত্রীকে কুপিয়ে-গলাকেটে হত্যার পর ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকলেন স্বামী

বিজ্ঞাপন

গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে সীমা রানী দাস (২৫) নামে এক অন্তঃসত্ত্বা নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

ঘটনার পর অভিযুক্ত স্বামী নিজেই জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাকে আটক করে।

রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের চিনাশুকানিয়া গ্রামের বড়চালা এলাকায় এ ঘটনা ঘটে। আটক উদ্ভব দাস একই গ্রামের নকুল দাসের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর বিষয়টি জানাজানি হয়।

তার ভাষ্য অনুযায়ী, স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যার পর উদ্ভব নিজেই পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে সীমা রানী দাসের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।

নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। ঘরের বিভিন্ন স্থানে রক্তের দাগ দেখা যায়। স্থানীয়দের দাবি, পারিবারিক কলহের জেরে ওই দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়াঝাঁটি হতো।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্ত্রীকে হত্যার পর অভিযুক্ত স্বামী নিজেই ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে।

ওসি আরও জানান, নিহতের শরীর, মাথা ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার