বিজ্ঞাপন
বিশ্ব স্বাস্থ্য সামিটে যাননি ইউনূস, আলোচক হিসেবে থাকছেন জুবাইদা
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পিএম
বিজ্ঞাপন
জার্মানির রাজধানী বার্লিনে আজ রবিবার (১১ অক্টোবর) শুরু হচ্ছে তিন দিনব্যাপী বিশ্ব স্বাস্থ্য সম্মেলন ‘ওয়ার্ল্ড হেলথ সামিট ২০২৬’। সম্মেলন চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘সংকট থেকে স্থিতিস্থাপকতা: স্বাস্থ্যের জন্য উদ্ভাবন’।
বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থার বর্তমান সংকট, ভবিষ্যৎ চ্যালেঞ্জ এবং নতুন সম্ভাবনা নিয়ে আলোচনায় বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারক, বিজ্ঞানী, চিকিৎসা বিশেষজ্ঞ, ব্যবসায়ী, নাগরিক সমাজ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা এবারও বার্লিনে সমবেত হচ্ছেন।
সম্মেলনের আয়োজকদের সূত্রে জানা গেছে, বাংলাদেশ থেকে দুজন অতিথির সম্মেলনের দুটি পৃথক অধিবেশনে ১১ ও ১২ অক্টোবর বক্তব্য রাখার কথা ছিল। তারা হলেন, সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। তবে শেষ মুহূর্তে ড. ইউনূস সম্মেলনে অংশ নিচ্ছেন না বলে জানানো হয়েছে।
সম্মেলনের যোগাযোগ ও প্রেস বিষয়ক পরিচালক আনা স্টর্মার জানিয়েছেন, স্বাস্থ্যগত কারণে ড. মুহাম্মদ ইউনূস এবারের সম্মেলনে যোগ দিতে পারছেন না। তবে ডা. জুবাইদা রহমান নির্ধারিত সূচি অনুযায়ী সম্মেলনে অংশ নিচ্ছেন।
একই কথা জানিয়েছেন সিনিয়র কমিউনিকেশন ম্যানেজার ম্যারি অলফ। তিনিও জানান, স্বাস্থ্যগত কারণে ড. ইউনূস নিজেই কর্মসূচি বাতিল করেছেন। তবে এ বিষয়ে জানতে ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোর্শেদের কাছে বার্তা পাঠানো হলেও তিনি এই বিষয়ে কিছু জানাননি।
আয়োজকদের বক্তব্য অনুযায়ী, ড. ইউনূসের এবারের সম্মেলনে গ্রামীণ হেলথটেক লিমিটেড নিয়ে বক্তব্য দেওয়ার কথা ছিল। সেটি বাতিল করা হয়েছে।
অন্যদিকে সম্মেলনে বক্তা হিসেবে নাম দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের। সেখানে উল্লেখ করা হয়েছে, তিনি একজন চিকিৎসক হিসেবে পেশাগত ভূমিকার পাশাপাশি জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন এবং জনস্বাস্থ্য সংস্কার, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ও দেশজুড়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।
তিন সপ্তাহ আগে ইউরোপের পাঁচটি আন্তর্জাতিক সংগঠন বাংলাদেশের হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ওয়ার্ল্ড হেলথ সামিটে ড. ইউনূসের অংশগ্রহণ পুনর্বিবেচনার দাবিতে স্মারকলিপি ও পিটিশন পাঠিয়েছিল বলে দাবি করা হচ্ছে। সংগঠনগুলো হলো সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরাম, বেলজিয়াম, ইউরোপিয়ান বাংলাদেশ ফোরাম, ইউরোপ ও যুক্তরাজ্য, ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশ ইন জার্মানি, আর্থ সিভিলাইজেশন নেটওয়ার্ক এবং ফ্রিডম অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্স।
পিটিশনকারীদের বক্তব্য, নিয়মিত টিকাদান কর্মসূচিতে বিঘ্ন, টিকার প্রাপ্যতা ও সরবরাহ এবং জরুরি টিকাদান কার্যক্রম নিয়ে যে প্রশ্নগুলো বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে, সেগুলোর স্বাধীনভাবে পর্যালোচনা প্রয়োজন। এ ক্ষেত্রে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূস তার দায় এড়াতে পারেন না।
তারা সামিটের আয়োজকদের কাছে দাবি জানান, ড. ইউনূসকে বিশেষ বক্তা হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা, আমন্ত্রণ বহাল থাকলে বাংলাদেশের হাম পরিস্থিতি নিয়ে তাকে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার আহ্বান জানানো এবং ক্ষতিগ্রস্ত পরিবার, শিশু চিকিৎসক ও স্বাধীন জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের আলোচনায় অন্তর্ভুক্ত করা।