Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

‘হু ইজ হাদি?’ ইস্যুতে নুরকে নিয়ে মাদানীর বিস্ফোরক স্ট্যাটাস

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পিএম

‘হু ইজ হাদি?’ ইস্যুতে নুরকে নিয়ে মাদানীর বিস্ফোরক স্ট্যাটাস

বিজ্ঞাপন

‘হু ইজ হাদি?’ ইস্যুতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সমালোচনা করেছেন আলোচিত ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী। শহীদ হাদির কবরের জায়গা নিয়ে প্রশ্ন তোলার প্রসঙ্গ টেনে নুরের রাজনৈতিক অবস্থান, কৃতজ্ঞতাবোধ নিয়ে প্রশ্ন তুলেছেন এ ইসলামি বক্তা।

রোববার (১১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন মাদানী।

স্ট্যাটাসে মাদানী রফিকুল ইসলাম মাদানী জানান, নুরুল হক নুরের সঙ্গে তার পরিচয় ও যোগাযোগ ২০১৯-২০ সাল থেকে। তাদের মধ্যে একাধিকবার কথা হয়েছে এবং নুরের ব্যক্তিগত ফোন নম্বরও তার কাছে রয়েছে। এমনকি নুরের সঙ্গে মোদিবিরোধী আন্দোলনেও অংশ নিয়েছেন তিনি। অন্যদিকে, হাদির সঙ্গে আন্দোলনে দেখা ও কথা হলেও তার সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ ছিল না বলে উল্লেখ করেন মাদানী।

তবে ব্যক্তিগত সম্পর্কের চেয়ে আদর্শ, দেশের মানুষের প্রতি ভালোবাসা এবং সত্যের পক্ষে অবস্থান নেওয়াকে বেশি গুরুত্ব দেন বলে জানান মাদানি। এ কারণেই নুরের সঙ্গে ভালো সম্পর্ক থাকা সত্ত্বেও হাদির কবরের জায়গা নিয়ে তার বক্তব্যের প্রতিবাদ করেছেন বলে স্ট্যাটাসে উল্লেখ করেন মাদানী।

তিনি লেখেন, দেশের ও সাধারণ মানুষের পক্ষে কথা বলতে গিয়ে অল্প বয়সে জীবন দিয়েছেন হাদি। এমনকি বর্তমানে যিনি তার কবরের জায়গা নিয়ে প্রশ্ন তুলছেন, তার দুর্দিনেও হাদি তার পক্ষে প্রতিবাদ করেছিলেন।

নুরুল হক নুরের ‘হু ইজ হাদি?’ প্রশ্নের জবাবে মাদানী লেখেন, হাদি দেশপ্রেমিক তরুণদের জাগিয়ে তোলার প্রতীক, আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ এবং অন্যায়ের বিরুদ্ধে আপসহীন তারুণ্যের প্রতীক। কৃষক, শ্রমিক, আলেম-ওলামা ও দিনমজুরের দুঃখ-দুর্দশার কথাও হাদির বক্তব্য ও অবস্থানের সঙ্গে যুক্ত করেন তিনি।

স্ট্যাটাসে নুরের রাজনৈতিক অবস্থানেরও কঠোর সমালোচনা করেন মাদানী। তিনি বলেন, ‘একসময় মানুষ নুরকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে ভাবত। কিন্তু বর্তমানে নুরের রাজনৈতিক অবস্থান নিয়ে তার দলের লোকজন ও সমর্থকদের মধ্যেও হতাশা তৈরি হয়েছে।’

নুরুল হক নুর ও রাশেদ খানকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন মাদানী। তিনি বলেন, রাজনৈতিক প্রতিক্রিয়ার আশঙ্কায় কিছু স্পর্শকাতর বক্তব্য অন্যরা সরাসরি না দিয়ে তাদের দিয়ে বলাচ্ছে। অর্থ ও ক্ষমতার মোহে তাঁরা এমন বক্তব্য দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

স্ট্যাটাসের শেষাংশে মাদানী বলেন, ‘ক্ষমতা ও অর্থ সাময়িক; মানুষের জন্য কথা বলা এবং প্রয়োজনে রাজপথে দাঁড়ানোর মধ্য দিয়েই মানুষের ভালোবাসা অর্জন করা যায়। তিনি বলেন, হাদি নিজের জীবন দিয়ে মানুষের ভালোবাসা অর্জন করেছেন, আর ক্ষমতার মোহে নুর সেই ভালোবাসা হারানোর ঝুঁকিতে রয়েছেন।’

প্রসঙ্গত, সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে শহীদ শরীফ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন নুরুল হক নুর।

টকশোতে নুর বলেন, ‘নজরুলের পাশে হাদিকে সমাহিত করা উচিত হয়নি। আজ থেকে পাঁচ বা ১০ বছর পর মানুষ প্রশ্ন তুলতে পারে, “হু ইজ হাদি? জাতির জন্য তার অবদান কী?” রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য হাদিকে জাতীয় কবির পাশে নিয়ে আসল। না, না, এটা উচিত হয়নি।’

নুরের এ বক্তব্যের পরিপ্রেক্ষিতেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়ে এ স্ট্যাটাস দেন ফিকুল ইসলাম মাদানী।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার