বিজ্ঞাপন
‘আগামী ছয় মাসের মধ্যে মোদি সরকারের পতন ঘটবে’
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১২:২৫ পিএম
বিজ্ঞাপন
ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে চলমান বিক্ষোভকে ‘জনবিদ্রোহ’ হিসেবে বর্ণনা করেছেন শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) দলের সংসদ সদস্য সঞ্জয় রাউত। তার দাবি, আগামী বছরের মার্চ-এপ্রিলের মধ্যেই নরেন্দ্র মোদি সরকারের পতন ঘটতে পারে। একই সঙ্গে বিক্ষোভকারীদের দিল্লিতে প্রবেশে বাধা দিতে পুলিশি তৎপরতা ও অবরোধের সমালোচনা করেছেন তিনি।
শনিবার পুনেতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রাউত।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আয়োজিত প্রতিবাদে অংশ নিতে আসা ব্যক্তিদের বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
রাউত বলেন, তরুণ ও শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের আন্দোলন নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। চলমান পরিস্থিতি দেশের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
কেন্দ্রীয় সরকারের ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করতে গিয়ে রাউত বলেন, আগামী ছয় মাসের মধ্যে সরকার ক্ষমতা হারাতে পারে। মার্চ থেকে এপ্রিলের মধ্যে মোদি সরকারের অবসান ঘটবে এবং দেশে একটি জাতীয় সরকার গঠিত হবে।
শনিবার দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর সিজেপির প্রধান অভিজিৎ দীপকেকে পুলিশ আটক করে। এই ঘটনাকে কেন্দ্র করে দিল্লিতে বিক্ষোভকারীদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন রাউত।
তার দাবি, রাজধানীর বাইরে প্রায় ১৫ হাজার যানবাহন আটকে রাখা হয়েছে এবং ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে বিক্ষোভকারীরা দিল্লিতে পৌঁছাতে না পারেন। পরিস্থিতির সঙ্গে ব্রিটিশ শাসনামলের দমনমূলক ব্যবস্থার তুলনাও টেনেছেন তিনি।