Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

সরকারি চাকরিতে বহাল এনসিপির সাংগঠনিক পদে প্রাণিসম্পদ কর্মকর্তার জগলু

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১২:০৬ পিএম

সরকারি চাকরিতে বহাল এনসিপির সাংগঠনিক পদে প্রাণিসম্পদ কর্মকর্তার জগলু

বিজ্ঞাপন

সরকারি চাকরিতে বহাল থেকে রাজনৈতিক দলের সাংগঠনিক পদে থাকার অভিযোগ উঠেছে ভোলার চরফ্যাসন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সফিউল্ল্যাহ জগলুর বিরুদ্ধে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চরফ্যাসন উপজেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে তার নাম আসায় সরকারি কর্মচারীদের জন্য নির্ধারিত বিধিমালা লঙ্ঘনের প্রশ্ন উঠেছে। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সরকারি মহলে চরম আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

অনুমোদিত চিঠি অনুযায়ী, আগামী ৬ মাসের জন্য সাত সদস্যবিশিষ্ট এনসিপির চরফ্যাসন উপজেলা আহ্বায়ক কমিটির আংশিক অনুমোদন দেওয়া হয়েছে। ওই কমিটিতে গুরুত্বপূর্ণ সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদটিতে সরাসরি সফিউল্ল্যাহ জগলুর নাম রয়েছে।

সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর ২৫(১) বিধি অনুযায়ী কোনো সরকারি কর্মচারী কোনো রাজনৈতিক দল বা তার কোনো অঙ্গসংগঠনের সদস্য হতে পারবেন না।

দেশ বা বিদেশে যেকোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে সরাসরি বা পরোক্ষভাবে অংশগ্রহণ, সহায়তামূলক কাজ বা সম্পৃক্ততা সম্পূর্ণ নিষিদ্ধ।

আইনের এমন স্পষ্ট নিষেধাজ্ঞা সত্ত্বেও কীভাবে একজন সরকারি কর্মকর্তার নাম রাজনৈতিক দলের শীর্ষ সাংগঠনিক পদে এলো, তা নিয়ে প্রশাসনিক ও সচেতন মহলে প্রশ্ন উঠেছে।

বিষয়টি নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছে জাতীয় নাগরিক পার্টির স্থানীয় নেতৃত্ব।

এনসিপির ভোলা জেলা আহ্বায়ক অ্যাডভোকেট মো. জিয়াউর রহমান জানান, বিষয়টি তিনি শুনেছেন এবং তাদের কাছে নামের তালিকা এসেছে। তবে যাচাই-বাছাইয়ে তাদের ভুল ছিল উল্লেখ করে তিনি বলেন, সরকারি চাকরিজীবীদের রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো সুযোগ নেই।

অন্যদিকে এনসিপির চরফ্যাসন উপজেলা কমিটির আহ্বায়ক অহিদ ফয়সাল জানান, সফিউল্ল্যাহ জগলু সরকারি চাকরি করেন এবং তাদের রাজনীতিতে তার মৌন সম্মতি রয়েছে। তবে তার নাম ও ফোন নম্বর ভুলবশত কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছে বলে তিনি দাবি করেন।

অভিযুক্ত কর্মকর্তা সফিউল্ল্যাহ জগলু কমিটিতে নাম অন্তর্ভুক্তির বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাজন আলী বিষয়টি তার নজরে এসেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে অবহিত করেছেন।

ভোলা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম তিনি জানান, তাকে সরকারি ম্যানুয়াল ও বিধিমালা দেখতে হবে। পাশাপাশি ওই কর্মকর্তার অবস্থান ও সম্পৃক্ততা যাচাই করে বিষয়টি দেখা হচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার