Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

বান্দরবানে চাঁদের গাড়ি ব্রেক ফেল, দুর্ঘটনায় আহত ১১

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৩:১৭ এএম

বান্দরবানে চাঁদের গাড়ি ব্রেক ফেল, দুর্ঘটনায় আহত ১১

বিজ্ঞাপন

বান্দরবানের আলীকদম উপজেলায় পর্যটকবাহী একটি চাঁদের গাড়ি ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে। এতে গাড়িতে থাকা বিকন ফার্মাসিউটিক্যালস এর অন্তত ১১ জন কর্মী আহত হয়েছেন।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় আলীকদম উপজেলার ০১ নম্বর সদর ইউনিয়নের ০৬ নম্বর ওয়ার্ডের '১৬ কিলো' নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কক্সবাজার শাখায় কর্মরত ৪০ জনের একটি প্রতিনিধি দল চাঁদের গাড়িযোগে বান্দরবানের আলীকদমে ভ্রমণের উদ্দেশ্যে আসছিলেন। পথিমধ্যে ১৬ কিলো এলাকায় পৌঁছালে গাড়িটির ব্রেক ফেল করে। এতে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি পাহাড়ে ধাক্কা খেয়ে সড়কের পাশে ড্রেনে পড়ে যায় এবং সজোরে ধাক্কায় গাড়িটি ভেঙে দুই ভাগ হয়ে যায়।

দুর্ঘটনার বিষয়টি জানতে পেরে দ্রুত থিংকুপাড়া আর্মি ক্যাম্পের সেনাসদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। তারা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

উদ্ধারকৃত আহত ব্যক্তিরা হলেন— রাকিবুল ইসলাম (২৬), এশা আক্তার (২৬), রেজাউল ইসলাম (২৯), সুমন মিয়া (২৭), মৌসুমি আক্তার (২৭), ইসমাইল হক (৩১), মাসুক আহমেদ (২৮), মাহমুদ হোসেন (২৮), আল আমিন (৩৫), মো: কাইয়ুম (৪১) এবং আবুল বাশার (২৭)। তারা ঢাকা, কক্সবাজার, ময়মনসিংহ ও নরসিংদীসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা এবং চাকরির সুবাদে কক্সবাজারে অবস্থান করছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ জানান, "সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় ১১ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের প্রত্যেককে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে সবাই শঙ্কামুক্ত রয়েছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন।"

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাহাড়ি উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ রাস্তায় চাঁদের গাড়ির অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার