Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

উড্ডয়নের পর বিমানের চাকা বিচ্ছিন্ন, শাহজালালে জরুরি অবতরণ

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৬:২৬ পিএম

উড্ডয়নের পর বিমানের চাকা বিচ্ছিন্ন, শাহজালালে জরুরি অবতরণ

বিজ্ঞাপন

কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের পেছনের একটি চাকা উড্ডয়নের পর বিচ্ছিন্ন হয়ে পড়ে। জরুরি বার্তা দেওয়ার পর উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। পরিস্থিতি মোকাবিলায় বিমানবন্দরের রানওয়ে প্রায় আধা ঘণ্টা বন্ধ রাখা হয়। বিমান কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সব যাত্রী ও ক্রু নিরাপদ রয়েছেন।

বিমানবন্দর ও এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসি সূত্রের বরাত দিয়ে বাংলাভিশন জানিয়েছে, উড়োজাহাজটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪৩৬ ফ্লাইট পরিচালনা করছিল। এর রেজিস্ট্রেশন নম্বর এস২-একেই। কক্সবাজার থেকে উড্ডয়নের পরপরই একটি চাকা বিচ্ছিন্ন হওয়ার তথ্য পেয়ে ঢাকার টাওয়ারে জরুরি বার্তা পাঠান পাইলট।

জরুরি অবতরণের আগে জ্বালানি কমিয়ে উড়োজাহাজের ওজন হ্রাস এবং বিমানবন্দরে নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করার জন্য পাইলটকে আকাশে চক্কর দিতে হয়। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার এলাকার আকাশে কয়েকবার চক্কর দেয়। এ সময় এটি প্রায় ৬ হাজার ১০০ ফুট উচ্চতায় ১৮৮ নট গতিতে উড়ছিল।

ঢাকা টাওয়ারের তথ্য অনুযায়ী, জরুরি অবতরণের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ সময় বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত শাহজালাল বিমানবন্দরের রানওয়ে বন্ধ রাখা হয়। ওই সময়ে সব ধরনের ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ সাময়িকভাবে স্থগিত ছিল।

সম্ভাব্য জরুরি পরিস্থিতি মোকাবিলায় রানওয়েতে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স এবং উদ্ধার ও জরুরি সেবার দল প্রস্তুত রাখা হয়। প্রয়োজনীয় প্রস্তুতি শেষে পাইলট উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করান।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার