Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

ভাইভা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রী

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৬:০১ পিএম

ভাইভা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রী

বিজ্ঞাপন

নাটোরের লালপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী পদে নিয়োগের চূড়ান্ত তালিকায় এমন এক প্রার্থীর নাম পাওয়া গেছে, যিনি মৌখিক পরীক্ষায় (ভাইভা) অংশ নিতে পারেননি বলে দাবি করেছেন। বয়সসীমা অতিক্রম করায় তাকে ভাইভা থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন ওই প্রার্থী। অথচ চূড়ান্ত তালিকায় তার নাম থাকায় নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।

চূড়ান্ত তালিকায় নাম থাকা ওই প্রার্থীর নাম সোনিয়া খাতুন। তাঁর রোল নম্বর ৪৬৭। তিনি উপজেলার আড়বাব ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম জেনেটের স্ত্রী।

জানা যায়, ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী পদে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ছিল ৪০ বছর।

তবে সোনিয়া খাতুনের জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, তাঁর জন্ম ১৯৮৪ সালে। সে হিসাবে ২০২৬ সালে তাঁর বয়স ৪১ থেকে ৪২ বছরের মধ্যে হওয়ার কথা। ফলে নির্ধারিত বয়সসীমা অতিক্রমের বিষয়টি সামনে এসেছে। সোনিয়া খাতুন বলেন, ‘আমার বয়স বেশি হওয়ায় ভাইভার দিন আমার মৌখিক পরীক্ষা নেওয়া হয়নি।

পরীক্ষক জানান, বয়স ৪০ বছরের বেশি হওয়ায় ভাইভা নেওয়া সম্ভব নয়। এ কারণে আমাকে ফিরিয়ে দেওয়া হয়। তবে চূড়ান্ত ফলাফলে আমার নাম এসেছে।’

তাঁর বক্তব্যের পর নিয়োগপ্রক্রিয়ায় বয়স যাচাই, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ এবং চূড়ান্ত তালিকা তৈরির পদ্ধতি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। নির্ধারিত বয়সসীমা অতিক্রম করা এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে না পারার পরও একজন প্রার্থীর নাম কিভাবে চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হলো, তা খতিয়ে দেখার দাবি উঠেছে।

এ বিষয়ে লালপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে কর্তৃপক্ষ জানে। বিষয়টি কর্তৃপক্ষকে জানাব।’

চূড়ান্ত তালিকায় সোনিয়া খাতুনের নাম অন্তর্ভুক্তির কারণ, তার বয়স ও আবেদনসংক্রান্ত তথ্য যাচাইয়ের পদ্ধতি এবং ভাইভায় অংশ না নেওয়ার বিষয়টি নিয়োগ কর্তৃপক্ষের নথিতে কিভাবে বিবেচনা করা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার