বিজ্ঞাপন
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: আইফোনে চার্জ দিতে ১৫ মিনিট, এরপর কোথায় গেল
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১২:২২ এএম
বিজ্ঞাপন
কক্সবাজার থেকে ফিরে কুমিল্লার পদুয়ার বাজারে নেমেছিল সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন (১৪)।
বুধবার রাত পৌনে ১২টার দিকে আইকনিক পরিবহনের একটি বাস থেকে তাকে নামতে দেখা যায়। এরপর সে যায় পদুয়ার বাজারের হোটেল নূরজাহানের পশ্চিম পাশের কয়েকটি স্টেশনারি দোকানের দিকে একটি দোকানের সামনে দাঁড়িয়ে দোকানির সঙ্গে কথা বলতেও দেখা যায় তাকে। পরে পাশের রায়া ফ্যাশন নামের দোকানের মালিক রাসেলের কাছে গিয়ে নিজের আইফোনটি প্রায় ১৫ মিনিট চার্জ দেয় সে।
এরপর রাত ১২টার দিকে তাজমিনকে হোটেল এলাকায় যেতে দেখা যায়। কিছুক্ষণ পর বাইরে এসে একটি দোকানের সামনে কাউকে কিছু একটা দেখিয়ে অন্য পাশে সরে যায় সে। রাত সোয়া ১২টার দিকে তাকে হোটেল এলাকা ছেড়ে যেতে দেখা যায়। এরপর কী ঘটেছিল, কার সঙ্গে সে গিয়েছিল এবং কীভাবে কুমিল্লার লালমাই উপজেলার জগতপুরের একটি ধানখেতে পৌঁছাল, সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজছে পুলিশ। তাজমিনের কাছে আইফোন থাকা এবং এ ঘটনাকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে—এমন একটি দাবি সামনে এসেছে। তবে তার কাছে থাকা মুঠোফোনের সঙ্গে হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে পুলিশের হাতে আসা একটি সিসিটিভি ক্যামেরার ছবিতে তাজমিনকে একটি সিএনজিচালিত অটোরিকশায় বিভিন্ন এলাকার সরু ও গলির মতো রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার দৃশ্য দেখা গেছে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। ওই অটোরিকশার গতিপথ এবং তাজমিনের সঙ্গে থাকা ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
নিহত জান্নাতুল তাজমিন কুমিল্লা নগরের ফরিদা বিদ্যায়তনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবার নাম আবদুল আলীম। তাঁদের গ্রামের বাড়ি যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা এলাকায়। আবদুল আলীম রেনেটা ওষুধ কোম্পানির কুমিল্লা অঞ্চলে চাকরি করেন। পরিবারের সঙ্গে নগরের রেসকোর্স এলাকার একটি ভাড়া বাসায় থাকত তাজমিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চার দিন আগে বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল তাজমিন। পরে সে কক্সবাজারে যায়। সেখান থেকে ফেরার পথে বুধবার (৭ অক্টোবর) রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় নামে। এর আগে বাবার মুঠোফোনে নিজের অবস্থানের লাইভ লোকেশন পাঠিয়ে তাকে নিয়ে যাওয়ার অনুরোধ করেছিল সে।
বাবার কাছে অবস্থানের তথ্য পাঠানোর পরও শেষ পর্যন্ত কীভাবে তাজমিনের মৃত্যু হলো, তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। পদুয়ার বাজারে নামার পর তার চলাফেরা, আইফোন চার্জ দেওয়ার ঘটনা এবং সিএনজিচালিত অটোরিকশায় বিভিন্ন সড়ক দিয়ে যাওয়ার দৃশ্য—সবকিছু মিলিয়ে ঘটনার সূত্র খুঁজছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এর আগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে লালমাই উপজেলার জগতপুর গ্রামের একটি ধানখেত থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার গলায় গামছা প্যাঁচানো ছিল। ঘটনাস্থলের কাছ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি ভ্যানিটি ব্যাগ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেছেন তাজমিনের বাবা আবদুল আলীম। তবে হত্যার কারণ, ঘটনার সঙ্গে কারা জড়িত এবং পদুয়ার বাজার থেকে জগতপুর পর্যন্ত তার যাওয়ার পুরো ঘটনা এখনো নিশ্চিত হওয়া যায়নি।