বিজ্ঞাপন
টানা ৫ দিন বজ্রবৃষ্টিসহ ভারী বৃষ্টির শঙ্কা যেসব অঞ্চলে
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১২:২১ এএম
বিজ্ঞাপন
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি বা কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সবশেষ ২৪ ঘণ্টায়ও দেশে সর্বোচ্চ ৪৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই অবস্থায় আগামী মঙ্গলবারের (১৩ অক্টোবর) মধ্যে বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার (০৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (৫ দিন) আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। তবে আগামী মঙ্গলবারের (১৩ অক্টোবর) মধ্যে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। তবে এদিন সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
তিনি আরও জানান, আগামী রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি সোমবার (১২ অক্টোবর) একই সময় পর্যন্ত চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তবে এই দু’দিনে দেশের কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা নেই। এর মধ্যে রোববার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও সোমবার দিন-রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে আগামী মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি বুধবার (১৪ অক্টোবর) একই সময় পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
একই সঙ্গে এদিন খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। এর মধ্যে মঙ্গলবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও বুধবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় দেশের সর্বোচ্চ ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এই সময়ে যশোরে ১৯ মিলিমিটার ছাড়াও কুমিল্লায় ১৮, নোয়াখালীর হাতিয়ায় ১৫, চাঁদপুর, মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও লক্ষ্মীপুরের রামগতিতে ৯, নরসিংদীতে ৬, ঢাকায় ৪ মিলিমিটারসহ দেশের বেশকিছু অঞ্চলে বৃষ্টি হয়েছে। এই অবস্থায় বর্ধিত ৫ দিনেও দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।