Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

‘পাঠাও’ থেকে গ্রাহকদের তথ্য চুরি, যেসব ঝুঁকি তৈরি হতে পারে

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পিএম

‘পাঠাও’ থেকে গ্রাহকদের তথ্য চুরি, যেসব ঝুঁকি তৈরি হতে পারে

বিজ্ঞাপন

বাংলাদেশের রাইড-শেয়ারিং ও পণ্য সরবরাহ সেবা দানকারী প্রতিষ্ঠান ‘পাঠাও’ এর সার্ভার থেকে এক কোটি ৯০ লাখ গ্রাহকের ১৩৩ গিগাবাইট সংবেদনশীল তথ্য চুরির দাবি করেছে একটি সাইবার অপরাধী চক্র। এসব তথ্যের বিনিময়ে তারা চার লাখ মার্কিন ডলার সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি মুক্তিপণ হিসেবে দাবি করেছে বলেও স্থানীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

বিষয়টি স্বীকার করে গত সাতই অক্টোবর নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে পাঠাও কর্তৃপক্ষ।

এদিকে, পাঠাও সার্ভারে তথ্য চুরির এই ঘটনা সামনে আসার পর বাংলাদেশে সাইবার নিরাপত্তার বিষয়টি নিয়ে আবারও নানা প্রশ্ন উঠেছে। সাইবার স্পেসে এই ধরনের তথ্য চুরির ঘটনা বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে বলেই মনে করে তথ্য ও প্রযুক্তি বিশেষজ্ঞরা। এর ফলে ভুয়া পরিচয় ব্যবহার করে আর্থিক লেনদেন কিংবা ব্যক্তিগত বিভিন্ন অ্যাকাউন্টের নিরাপত্তা নিয়ে শঙ্কা বাড়ছে বলেই মত তাদের।

পাঠাও কর্তৃপক্ষ জানিয়েছে, গত ৪ অক্টোবর তাদের সার্ভার থেকে তথ্য চুরির এই ঘটনাটি ঘটেছে। তবে বিষয়টি সাধারণ মানুষের সামনে আসে ৭ অক্টোবর।

খবরটি প্রথম সামনে আসে সাইবার নিরাপত্তা বিষয়ক প্ল্যাটফর্ম- ডেইলি ডার্ক ওয়েব-এর একটি পোস্টের মাধ্যমে। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তাদের ভেরিফায়েড পেজে হ্যাকারদের পোস্ট করা একটি নোটিশের স্ক্রিনশট প্রকাশ করা হয়।

আন্ডারগ্রাউন্ড ফোরামে পোস্ট করা ওই নোটিশে হ্যাকাররা বাংলাদেশের প্রতিষ্ঠান- পাঠাও লিমিটেডকে উদ্দেশ করে তাদের প্রোডাকশন ডেটা নিজেদের দখলে নেওয়ার দাবি করে।

হ্যাকারদের দাবি অনুযায়ী, ৫৯১টি টেবিলজুড়ে মোট এক কোটি ৯০ লাখ ৬৩ হাজার ৯১৮টি অ্যাকাউন্টের ১৩৩ জিবি তথ্য চুরির ঘটনা ঘটেছে।যেখানে ইমেইল, ফোন নম্বর, আসল নাম, পাসওয়ার্ড, জিপিএস ডেটা এবং ফেসবুক আইডি ও অ্যাক্সেস টোকেন রয়েছে।

এছাড়া এক কোটি ৯০ লাখ ৫৯ হাজার ৩৮৭টি জাতীয় পরিচয়পত্র নম্বর এবং এক কোটি ৯০ লাখ ৪৬ হাজার ৫৮৩টি ড্রাইভিং লাইসেন্স এন্ট্রি, সঙ্গে প্রোফাইল ছবি এবং ৫৭ লাখ বাসার ঠিকানাও বেহাত হয়েছে। পাঠাওয়ের ৫৪৯ জন কর্মীর এইচআর রেকর্ড (এনআইডি, বেতন, ধর্ম, জরুরি যোগাযোগের নম্বর), ১৭ হাজার ৯৪৩টি মার্চেন্ট ব্যাংক অ্যাকাউন্ট ও রাউটিং রেকর্ডও রয়েছে বলে দাবি করা হয়েছে।

সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া ওই পোস্টে দাবি করা হয়েছে যে, এসব তথ্যের বিনিময়ে চার লাখ মার্কিন ডলার সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি দেওয়া না হলে ধাপে ধাপে সব তথ্য প্রকাশ করা হবে।

তবে হ্যাকারদের দাবির সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

তথ্য চুরির ঘটনা নিয়ে প্রতিষ্ঠানটির জনসংযোগ শাখার ব্যবস্থাপক মো. ফয়েজ জানিয়েছেন, ৪ অক্টোবর তাদের প্ল্যাটফর্মজুড়ে সেবা বিঘ্নিত হয়েছিল। মূলত, সাইবার নিরাপত্তাজনিত একটি ঘটনা শনাক্ত হওয়ার পর প্ল্যাটফর্মের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল বলেও জানান তিনি।

ফয়েজ বলেন, ‘অল্প সময়ের মধ্যেই সেবাগুলো পুনরায় চালু করা হলেও সিস্টেম পুরোপুরি স্থিতিশীল করার কাজ এখনো চলছে, যে কারণে ব্যবহারকারীরা বিচ্ছিন্ন কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন।’

প্রতিষ্ঠানটি আরো জানিয়েছে যে, সাইবার নিরাপত্তার ইস্যুটি নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এই ঘটনায় ঠিক কতজনের, কী পরিমাণ তথ্য চুরি হয়েছে, সেই বিষয়গুলোও এখনো যাচাই করছেন তারা।

তবে হ্যাকারদের হাতিয়ে নেওয়া তথ্যের মধ্যে নাম, ইমেইল ঠিকানা এবং ফোন নম্বরসহ কিছু ব্যক্তিগত তথ্য রয়েছে বলে জানান মি. ফয়েজ।

তিনি বলছেন, ‘ঘটনাটি শনাক্ত করার পর প্ল্যাটফর্মের অখণ্ডতা রক্ষায় গুরুত্বপূর্ণ সিস্টেমগুলো অবিলম্বে অফলাইনে নেওয়া হয়। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বিশেষজ্ঞদের নিয়োগ করা হয়েছে।’

তবে এসব তথ্যের বিনিময়ে কোনো মুক্তপণ চাওয়া হয়েছে কি না, এ বিষয়ে কোনো মন্তব্য করেননি ফয়েজ। তিনি বলেন, ‘তদন্ত চলমান রয়েছে। মুক্তিপণ দাবি সংক্রান্ত বিষয়টি যাচাই না করে আমরা কোনো মন্তব্য করতে চাই না।’

ফয়েজ জানান, সতর্কতামূলক নিরাপত্তা ব্যবস্থা হিসেবে কিছু ব্যবহারকারীকে স্বয়ংক্রিয়ভাবে লগ আউট করা হয়ে থাকতে পারে। ব্যবহারকারীরা আবারও লগ ইন করে সেবা ব্যবহার করতে পারবেন।

এছাড়া ব্যবহারকারীদের পাঠাওয়ের নাম করে পাঠানো অযাচিত বার্তা, কল বা লিংকের বিষয়ে সতর্ক থাকারও আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। পাসওয়ার্ড, পিন বা ওটিপি কখনোই শেয়ার না করারও অনুরোধ জানিয়েছে তারা।

সাইবার স্পেসে এই ধরনের তথ্য চুরির ঘটনা বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে বলে তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির।

তিনি বলছেন, ‘এই ধরনের ঘটনায় সাধারণ মানুষের অনেক ব্যক্তিগত তথ্য চুরি হয়। এছাড়া পাঠাওয়ের মতো প্রতিষ্ঠানগুলোতে অর্থ লেনদেন বা পেমেন্ট সিস্টেমও অনলাইনে নথিভুক্ত থাকে। ফলে সেগুলো যদি চুরি হয়ে যায় সেটি আরো বিপদজনক।’

এছাড়া, ক্রেডিট কার্ডের তথ্য চুরি হলে, সাধারণ মানুষ সেখান থেকে অর্থনৈতিক ঝুঁকিতেও পড়তে পারেন।

সূত্র: বিবিসি বাংলা

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার