বিজ্ঞাপন
পরকীয়ায় জড়িয়ে পদ হারালেন জামায়াত নেতা
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পিএম
বিজ্ঞাপন
এক প্রবাসীর ডিভোর্সি স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রমাণিত হওয়ায় চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা জামায়াতের সভাপতি মো. ইসমাঈলকে পদ থেকে সরিয়ে দিয়েছে তার দল। তার পরিবর্তে অধ্যাপক জসিম উদ্দিনকে চান্দগাঁও থানা সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
জামায়াতের নগর শাখার আমির নজরুল ইসলাম তাকে পদ থেকে অব্যাহতি ঘোষণা দেওয়ার একটি ভিডিও হাতে এসেছে। নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান বলেন, ‘মো. ঈসমাইলকে সরিয়ে জসিম উদ্দিনকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে বলে জেনেছি। বিস্তারিত কিছু আমি বলতে পারবো না।’
জানা গেছে, ২০২৩ সালে ডক্টর অ্যাসিট্যান্ট হিসেবে আইএমসিএইচে ইসমাঈলের সুপারিশে চাকরি নেন লোহাগাড়ার কলাউজানের এক নারী। দ্রুত সময়ের মধ্যে সেই নারীর পদোন্নতি ঘটে। তার স্বামীর পরিবারের দাবি, ইসমাঈলের সঙ্গে বিয়ে বহির্ভূত সম্পর্কে জড়ানোর প্রমাণ পাওয়ায় ২০২৪ সালের ১৮ ডিসেম্বর তাকে তার স্বামী ডিভোর্স দেন।
অভিযোগ উঠলে জামায়াতের পক্ষ থেকে চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ খায়রুল বাশারের নেতৃত্বে ইসমাঈলের বিষয়ে তদন্ত করতে একটি কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি গত সোমবার তাদের প্রতিবেদন জমা দেয়। বুধবার তাকে দায়িত্ব থেকে সরিয়ে জসিম উদ্দিনকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয় জামায়াত।
দায়িত্ব পাওয়ার কথা স্বীকার করে জসিম উদ্দীন বলেন, বুধবার আমাকে চাঁদগাও থানার দায়িত্ব পালন করতে বলা হয়েছে। কেন মো. ঈসমাইলের স্থলে আমাকে দায়িত্ব দেওয়া হলো তার বিস্তারিত কারণ আমি জানি না। এ ব্যাপারে জানতে মো. ঈসমাইলকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।