Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

মুসল্লিদের ৭ লাখ টাকা হাতিয়ে নিয়ে উধাও ইমাম

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৯:২১ পিএম

মুসল্লিদের ৭ লাখ টাকা হাতিয়ে নিয়ে উধাও ইমাম

বিজ্ঞাপন

সোনার হার দেওয়ার প্রলোভন ও নানা অজুহাতে মুসল্লিদের কাছ থেকে সাত লাখ ৬৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে মসজিদের এক ইমামের বিরুদ্ধে। পরে ওই ইমাম স্ত্রী-সন্তানসহ আত্মগোপনে রয়েছেন। ঘটনাটি ঘটেছে জামালপুরের মেলান্দহে।

বুধবার (৭ অক্টোবর) এ ঘটনায় রাতে ভুক্তভোগীরা মেলান্দহ থানায় লিখিত অভিযোগ করেন। অভিযুক্ত মিজানুর রহমান উপজেলার মালঞ্চ জামে মসজিদের পেশ ইমাম ও খতিব।

ভুক্তভোগীররা জানান, প্রায় তিন মাস আগে মালঞ্চ জামে মসজিদে ইমাম হিসেবে যোগ দেন মিজানুর রহমান। অল্প সময়ের মধ্যেই স্থানীয় মুসল্লিদের আস্থা অর্জন করেন তিনি। পরে সেই আস্থার সুযোগ নিয়ে ব্যক্তিগত আর্থিক সংকট এবং হংকং থেকে আসা সোনার নেকলেস দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা ধার নেন।

অভিযোগকারীরা জানান, বুধবার দুপুর পর্যন্ত মসজিদে নামাজ আদায় ও স্বাভাবিকভাবে চলাফেরা করেন মিজানুর রহমান। এরপর স্ত্রী-সন্তানসহ তিনি নিখোঁজ হন। পরে টাকা দেওয়ার বিষয়টি নিয়ে ভুক্তভোগীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

থানায় দেওয়া লিখিত অভিযোগ অনুযায়ী, মিজানুর রহমান মসজিদের মক্তবের শিক্ষক জুবায়েরের কাছ থেকে এক লাখ ৫০ হাজার টাকা, ব্যবসায়ী ইমরানের কাছ থেকে এক লাখ ২৫ হাজার, জাহাঙ্গীর মাস্টারের কাছ থেকে ৪০ হাজার, আব্দুল্লাহর কাছ থেকে দুই লাখ, কাদেরের কাছ থেকে ৩০ হাজার এবং ইসমাঈল হোসেন রাজার কাছ থেকে দুই লাখ ২০ হাজার টাকা নেন।

সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন মক্তবের শিক্ষক জুবায়ের। তিনি জানান, বিকাশ ও ফ্লেক্সিলোড ব্যবসার মূলধনের বড় একটি অংশ তিনি মিজানুর রহমানকে দিয়েছিলেন।

জুবায়ের বলেন, ‘একজন মসজিদের ইমাম মানুষের সবচেয়ে বড় বিশ্বাসের জায়গা। তিনি এমন করলে আমরা কার ওপর বিশ্বাস করব? অনেক কষ্ট করে জমানো টাকা হারিয়ে আমি এখন চরম সংকটে আছি। প্রশাসন যেন আমার টাকা উদ্ধারের ব্যবস্থা করে।’

জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, অভিযুক্ত মিজানুর রহমানের স্থায়ী ঠিকানা কুমিল্লার লাকসাম উপজেলার উত্তর গাজীপুর। বর্তমান ঠিকানা ঢাকার যাত্রাবাড়ী।

অভিযোগের বিষয়ে জানতে তার ব্যবহৃত মোবাইলফোন নম্বরগুলোতে একাধিকবার কল করা হলেও সেগুলো বন্ধ পাওয়া যায়।

মালঞ্চ জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বলেন, ‘অর্থ লেনদেনের বিষয়টি কমিটি আগে কিছুই জানত না। এত অল্প সময়ের মধ্যে ব্যক্তিগত আর্থিক লেনদেনের ক্ষেত্রে সবার আরও সতর্ক হওয়া উচিত ছিল। বিষয়টি নিয়ে দ্রুত সভা ডেকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, ‘ভুক্তভোগীদের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পলাতক ইমামের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার