বিজ্ঞাপন
শিবিরের নবীন বরণে বাধা, কেসি কলেজে সব রাজনৈতিক সভা-সমাবেশ নিষিদ্ধ
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৪:১১ পিএম
বিজ্ঞাপন
ছাত্রশিবিরের ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র (কেসি) কলেজ শাখার নবীন বরণ প্রোগ্রামকে কেন্দ্র করে কলেজে সব ধরনের সভা-সমাবেশ অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে কলেজ প্রশাসন।
এদিকে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কলেজ ক্যাম্পাসে পূর্বঘোষিত ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ কর্মসূচি হওয়ার কথা। প্রোগ্রাম বাস্তবায়নে অটল ছাত্রশিবির। প্রশাসন ও ছাত্র সংগঠনের মুখোমুখি অবস্থানকে কেন্দ্র করে কলেজটিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ছাত্রশিবির জানায়, ছাত্রশিবির ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র কলেজ শাখার নবীন বরণ প্রোগ্রামে সরাসরি প্রশাসন দিয়ে বাধা দেওয়া হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি দেখে কলেজ গেটে তালা দিয়েছে প্রশাসন। শিবিরের পক্ষ থেকে অনুমতি চাওয়া হয়েছিল, কলেজের পক্ষ থেকে অনুমতিও দেওয়া হয়। পরে হঠাৎ করে আয়োজনের কয়েক ঘণ্টা আগে বাধা দেওয়া হয়।
কলেজের প্রিন্সিপাল জানান, ‘আমি অসহায়, আমার কিছু করার নেই।’
কলেজ সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে ক্যাম্পাসে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলে জরুরি বৈঠকে বসে কলেজ কর্তৃপক্ষ। পরবর্তীতে ৭ অক্টোবর সংশোধিত বিজ্ঞপ্তির মাধ্যমে ১১৬তম একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ক্যাম্পাসে আইন-শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের রাজনৈতিক ও ছাত্রসংগঠনের মিছিল-সমাবেশ নিষিদ্ধ করা হয়। একই সঙ্গে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ৮ অক্টোবর কেসি কলেজের সব শিক্ষা কার্যক্রম ও ক্লাস বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
প্রচারিত আমন্ত্রণপত্র অনুযায়ী, ‘অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের।
এ বিষয়ে ইসলামী ছাত্রশিবির কেসি কলেজ শাখার সভাপতি এস এম মাহবুব বলেন, ‘আমরা গত ৪ অক্টোবর কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অনুমতি নিয়েই অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করেছি। এখন পর্যন্ত প্রশাসন আমাদের লিখিতভাবে কিছু জানায়নি, তবে অনুষ্ঠান না করার জন্য মৌখিকভাবে বলা হয়েছে। উদ্ভূত পরিস্থিতি সমাধানে আমরা কলেজ প্রশাসনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি।’