Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

অফিস থেকে ফিরে স্বামীর রক্তাক্ত মরদেহ দেখলেন স্ত্রী

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পিএম

অফিস থেকে ফিরে স্বামীর রক্তাক্ত মরদেহ দেখলেন স্ত্রী

বিজ্ঞাপন

অসুস্থ স্বামীকে ঘরে রেখে কর্মস্থলে গিয়েছিলেন স্ত্রী। রাতে কাজ শেষে বাসায় ফিরে তিনি ঘরের মেঝেতে স্বামী ফরহাদের রক্তাক্ত ও নিথর দেহ দেখতে পান। ঘটনাটি ঘটে রাজধানীর উত্তর শাহজাহানপুরে।

শাহজাহানপুর থানা সূত্রে জানা গেছে, একটি পাঁচতলা বাড়ির ছাদের টিনের ঘর (চিলেকোঠা) থেকে ফখরুল হোসেন ফরহাদ (৪৪) নামের এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বুধবার (৭ অক্টোবর) রাতে উত্তর শাহজাহানপুরের আমতলা জামে মসজিদের সামনে একটি বাড়ির চিলেকোঠায় এই ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা গেছে, অসুস্থ স্বামীকে ঘরে রেখে কর্মস্থলে গিয়েছিলেন স্ত্রী সম্পা। রাতে কাজ শেষে বাসায় ফিরে তিনি ঘরের মেঝেতে স্বামী ফরহাদের রক্তাক্ত ও নিথর দেহ দেখতে পান। এ সময় ঘরের চারপাশে খাবার-দাবার ছড়িয়ে-ছিটিয়ে ছিল। প্রায় দেড় দশকের দীর্ঘ দাম্পত্য জীবনের সঙ্গীকে হারিয়ে বাকরুদ্ধ ও পাগলপ্রায় স্ত্রী। খবর পেয়ে স্বজনরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।

নিহতের ছোট বোন নূর আফসানা হাসান নিতু অভিযোগ করেন, নানার সূত্রে পাওয়া এই বাড়ির সম্পত্তি নিয়ে বড় বোন নূর আফসানা হাসান নিপা ও তার স্বামী সুজন সরকারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ফরহাদকে বাড়ি থেকে উচ্ছেদের জন্য বড় বোন ও তার স্বামী নানাভাবে হুমকি দিয়ে আসছিলেন। সর্বশেষ ঘটনার দুই দিন আগেও ফরহাদকে জোর করে বাসা ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল বলে জানান তিনি।

পুলিশের প্রাথমিক ধারণা, বুধবার সন্ধ্যার দিকে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে সম্পত্তি ছাড়াও এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হত্যাকাণ্ডের পর থেকে মূল অভিযুক্ত সুজন সরকার পলাতক থাকলেও তার স্ত্রী নিপাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হারুন অর রশিদ জানান, এ ঘটনার পেছনে অনেকগুলো ইস্যু কাজ করতে পারে। আমরা যতটুকু জেনেছি, সম্পত্তি সংক্রান্ত একটা বিরোধ আছে। এছাড়া আরো কোনো ইস্যু আছে কিনা সেগুলো আমরা যাচাই বাছাই করছি। যাচাই বাচাই শেষে তথ্য প্রমাণ সংগ্রহ করার পরে আমরা বলতে পারবো প্রকৃতপক্ষে কেন এ ঘটনা ঘটেছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার