বিজ্ঞাপন
পিপিকে পলকের হুমকি-‘তার স্থান আর আমার স্থান বেশি দূরে নয়’
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০২:৩২ পিএম
বিজ্ঞাপন
জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় আদালতে হাজির করার সময় পেছনে হাতকড়া পরানো এবং লিফট চালু থাকা সত্ত্বেও সিঁড়ি দিয়ে আদালতের ৬ষ্ঠ তলায় ওঠানোয় ক্ষোভ প্রকাশ করে পিপিকে হুমকি দিয়েছেন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক।
আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি পাবলিক প্রসিকিউটরকে বলেন, ‘পিপি সাহেবের বোঝা উচিত, তার সেই স্থান থেকে আমার এই স্থান বেশি দূরে নয়।’
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলমের আদালতে এসব কথা বলেন তিনি।
আদালতে পলক বলেন, ‘হাতকড়া পেছনে দিয়ে আমাকে সিঁড়ি দিয়ে ওঠানো হয়েছে। আদালতের কাছে আমার অনুরোধ, হাতকড়া সামনে দেওয়ার ব্যবস্থা করা হোক।’
পরে আদালত থেকে নামার সময়ও তিনি প্রশ্ন তোলেন, ‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’
পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বলেন, ‘পলককে আদালতে আনার সময় লিফট চালু থাকা সত্ত্বেও তাকে সিঁড়ি দিয়ে ওঠানো হয়েছে। আমরা দেখেছি ২টি লিফটের মধ্যে একটি লিফট চালু, তবুও তাদের হেঁটে নামানো হয়েছে। তাদের হাতে জংধরা হ্যান্ডকাফ এবং বুলেটপ্রুফ যে জ্যাকেট, তা খুবই নোংরা; ফলে তারা অসুস্থ হয়ে যেতে পারেন। তাদের এই বিষয়গুলো বিবেচনা করা উচিত।’
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এই মামলায় সাজ্জাদ হোসেন এবং নাইমুল হাসান রাসেল নামে দুই আসামির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি থাকায় তাদের উপস্থিত করতে পারেনি কারা কর্তৃপক্ষ। তাই বিচারক পরবর্তী তারিখ নির্ধারণ করেন।’
আদালত সূত্র জানা গেছে, এদিন কারাগারে থাকা ৮ জনকে আদালতে হাজির করা হয়। এ মামলায় ৩৪ জন আসামির মধ্যে ১০ জন কারাগারে আটক রয়েছেন। বাকি ২৪ জন শুরু থেকেই পলাতক রয়েছেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন মো. হোসেন। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন। সেদিন তিনি গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফিরছিলেন। চাঁদ উদ্যান এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ২০২৪ সালের ৩১ আগস্ট নিহত ব্যক্তির মা রীনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা করেন।
২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক আকরামুজ্জামান আদালতে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।