Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

পাটওয়ারীর বাড়িতে আগুনের ভুয়া ভিডিও, তদন্তের দাবি

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০২:৪০ এএম

পাটওয়ারীর বাড়িতে আগুনের ভুয়া ভিডিও, তদন্তের দাবি

বিজ্ঞাপন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বাড়িতে আগুন লাগার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত তার বাড়িতে এমন কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি বলে দাবি করা হয়েছে। ফলে বাস্তবে না ঘটা একটি ঘটনার ভিডিও কেন তৈরি ও প্রচার করা হলো, তা নিয়ে উঠেছে প্রশ্ন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) নাসীরুদ্দীন পাটওয়ারীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ ঘটনায় ছড়িয়ে পড়া ভিডিওটির উদ্দেশ্য এবং এর পেছনে কারা জড়িত, তা তদন্তের দাবি জানানো হয়েছে।

পোস্টে বলা হয়েছে, এর আগেও নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে বিভিন্ন ধরনের ন্যারেটিভ তৈরি করে তাঁর ওপর হামলার পরিবেশ তৈরি এবং হামলাকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তার ওপর পাঁচবার হামলার ঘটনা ঘটেছে বলেও দাবি করা হয়েছে। তবে এসব ঘটনায় দৃশ্যমান বিচারের উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে।

পোস্টে আরও বলা হয়, বরং নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা কেন ‘জায়েজ’, সে ধরনের বক্তব্য সরকারদলীয় দায়িত্বশীলদের কাছ থেকেই এসেছে।

এ অবস্থায় সর্বশেষ ছড়িয়ে পড়া অগ্নিকাণ্ডের ভিডিওটিও আগের ঘটনাগুলোর ধারাবাহিকতার অংশ কি না, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। একই সঙ্গে ঘটনাটি রাজনৈতিক প্রতিহিংসা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের কোনো পরিকল্পিত প্রচেষ্টার অংশ কি না, সেটিও খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে।

চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে নাসীরুদ্দীন পাটওয়ারীর অবস্থানের কারণে তাঁর বিরুদ্ধে বারবার উদ্দেশ্যপ্রণোদিত ন্যারেটিভ তৈরি করা হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে পোস্টে। তার কণ্ঠ স্তব্ধ করতে চাঁদাবাজ, সন্ত্রাসী ও স্বার্থান্বেষী কোনো মহলের সম্মিলিত প্রচেষ্টা চলছে কি না, সেটিও তদন্তের দাবি জানানো হয়েছে।

বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে ছড়ানো মিথ্যা ন্যারেটিভ, তাঁর ওপর সংঘটিত হামলা এবং সর্বশেষ বাস্তবে না ঘটা অগ্নিকাণ্ডের ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনাগুলোর সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে। পাশাপাশি সত্য উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার