Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

দৌলতদিয়ায় ৩ নম্বর ফেরিঘাট বন্ধ, মহাসড়কে ২ কিমি যানজট

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০২:৩১ এএম

দৌলতদিয়ায় ৩ নম্বর ফেরিঘাট বন্ধ, মহাসড়কে ২ কিমি যানজট

বিজ্ঞাপন

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে তীব্র স্রোতের ধাক্কায় পন্টুনের ফিঙ্গার ভেঙে যাওয়ায় ৩ নম্বর ফেরিঘাট সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে ঘাটে ফেরি পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের চাপ বেড়ে ঢাকা-খুলনা মহাসড়কে দুই কিলোমিটারের বেশি দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকেরা।

বুধবার (৭ অক্টোবর) রাত ১২টার দিকে সরেজমিনে দেখা যায়, দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের দিকে দুই কিলোমিটারের বেশি এলাকাজুড়ে পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান, বাস ও অন্যান্য যানবাহনের দীর্ঘ সারি। ঘণ্টার পর ঘণ্টা সড়কে অপেক্ষা করতে হচ্ছে চালকদের। কেউ কেউ গাড়ির ভেতরেই বিশ্রাম নিচ্ছেন। আবার অনেকে যানজটের কারণে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারার আশঙ্কা করছেন।

ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় থাকা যাত্রীদেরও চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা দীর্ঘ সময় অপেক্ষা করে দুর্ভোগে পড়েছেন।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, দৌলতদিয়া ঘাটে কাগজে-কলমে সাতটি ফেরিঘাট থাকলেও দীর্ঘদিন ধরে সবগুলো সচল নেই। বর্তমানে ৪ ও ৬ নম্বর-মাত্র দুটি ঘাট দিয়ে ফেরি পারাপার চলছে। এর মধ্যে বুধবার দুপুর ১২টার দিকে তীব্র স্রোতের ধাক্কায় ৩ নম্বর ঘাটের পন্টুনের ফিঙ্গার ভেঙে গেলে ঘাটটি বন্ধ করে দেওয়া হয়। ফলে সচল ঘাটের সংখ্যা আরও কমে যাওয়ায় বিকেলের পর থেকে যানবাহনের চাপ বাড়তে থাকে।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। প্রতিদিন এ পথে বিপুল যানবাহন ও যাত্রী পারাপার হয়। মাত্র দুটি ঘাট সচল থাকা এবং নদীতে তীব্র স্রোতের কারণে স্বাভাবিক সময়ের তুলনায় যানবাহন পারাপারে বেশি সময় লাগছে। এতে ঘাটের জিরো পয়েন্ট ছাড়িয়ে মহাসড়ক পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

দীর্ঘ সময় যানজটে আটকে থাকা চালকেরা দ্রুত ঘাটের স্বাভাবিক কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন। একই সঙ্গে ৩ নম্বর ঘাটের মেরামতকাজ দ্রুত শেষ করে যানবাহন পারাপারের চাপ কমানোর দাবি জানিয়েছেন তারা।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মো. আল ফয়সাল। তিনি বলেন, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৯টি ফেরি চলাচল করছে। এর মধ্যে পাঁচটি বড় ফেরি। তীব্র স্রোতের কারণে ৩ নম্বর ঘাটের পন্টুনের ফিঙ্গার ভেঙে যাওয়ায় বুধবার দুপুর ১২টা থেকে ঘাটটি বন্ধ রয়েছে।

মো. আল ফয়সাল আরও বলেন, পন্টুনের ফিঙ্গার মেরামতের কাজ চলছে। পরিস্থিতি অনুকূলে থাকলে আগামীকাল অথবা পরশুর মধ্যে ঘাটটি চালু হতে পারে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার