বিজ্ঞাপন
বিমানবন্দরে অনিয়ম-হয়রানি, কঠোর অভিযানে ‘ম্যাজিস্ট্রেট নওশাদ’
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:৫২ এএম
বিজ্ঞাপন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় যাত্রীসেবা বিঘ্নিত করা, ট্রলির অপব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশ ও নির্ধারিত মূল্যের অতিরিক্ত দাম রাখার অভিযোগে একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এ সময় প্রতিষ্ঠানগুলোকে সর্বমোট ১ লাখ ৯৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। আদায়কৃত অর্থ নির্ধারিত সরকারি কোডে জমা করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এ অভিযানের তথ্য জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশাদ খান।
মূলত যাত্রী হয়রানি, লাগেজ চুরি কিংবা বিমানবন্দরের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে তার কঠোর অবস্থান দ্রুতই নওশাদ খানকে পরিচিত করে তোলে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার পাশাপাশি যাত্রীদের কাছ থেকে তিনি পান ‘ফাটাকেষ্ট’ নাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ‘ম্যাজিস্ট্রেট নওশাদ’ হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে তার পদবি সিনিয়র সহকারী সচিব।
বুধবার রাতে দেওয়া পোস্টে তিনি জানান, বিমানবন্দর এলাকার বিভিন্ন স্থানে পরিচালিত এসব অভিযানে আগে গোপনে লোক পাঠিয়ে যাত্রীদের সহযোগিতায় অভিযোগের সত্যতা যাচাই করা হয়। অভিযোগের সত্যতা হাতেনাতে প্রমাণিত হওয়ার পর উপস্থিত সাক্ষী ও সংশ্লিষ্টদের দোষ স্বীকারোক্তির ভিত্তিতে তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধে অর্থদণ্ড করা হয়।
যাত্রীদের ভোগান্তি কমাতে বিমানবন্দরে চারজন এয়ারপোর্ট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতিদিন দায়িত্ব পালন করছেন। বিশেষ করে যাত্রীদের ট্রলি ও লাগেজ ব্যবস্থাপনা সুশৃঙ্খল করতে ‘টিম এয়ারপোর্ট’-এর সহযোগিতায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের ট্রলি সংকট কমাতে বিভিন্ন বিমানবন্দর থেকে ট্রলি এনে মেরামত করে প্রায় ৫০০টি ট্রলি নতুন করে যুক্ত করা হয়েছে। জরুরি ভিত্তিতে আরও ১ হাজার ট্রলি সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিশেষভাবে সুপারিশ করা হয়েছে।
ট্রলির যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করতে গঠন করা হয়েছে বিশেষ টিম। কোন পয়েন্টে কখন কতটি ট্রলি রয়েছে, তা সরাসরি যাচাই ও মনিটরিং করতে শিফটভিত্তিক বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপও চালু করা হয়েছে।
বিভিন্ন সূত্র থেকে জানা যায়, সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা পালাক্রমে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যাত্রীদের অভিযোগ গ্রহণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দায়িত্বে থাকেন। প্রতিটি সুনির্দিষ্ট অভিযোগ যাচাই করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বডি-ওর্ন ক্যামেরা ও সিসি ক্যামেরার ফুটেজ যাচাই করে লাগেজ চুরির সঙ্গে কারও সম্পৃক্ততা প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে এ ধরনের অপরাধে একাধিক ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
গত এক বছরে চার এয়ারপোর্ট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিভিন্ন অপরাধে ১ কোটি ৪৭ লাখ টাকা অর্থদণ্ড এবং ৫২৪ জনকে কারাদণ্ড দিয়েছেন। নিয়মিত অভিযান ও তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা বিমানবন্দরে অপরাধ প্রতিরোধ এবং যাত্রীদের অধিকার সুরক্ষায় ভূমিকা রাখছে।