বিজ্ঞাপন
জেদ্দায় বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ২ বাংলাদেশি
সৌদি আরব প্রতিনিধি
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:২১ এএম
বিজ্ঞাপন
সৌদি আরবের জেদ্দায় বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঢাকার দোহার উপজেলার উত্তর শিমুলিয়া গ্রামের দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যার পর জেদ্দার তামানিন এলাকার তামান ইন আখের এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত মহিউল ইসলাম পলাশ ঢাকার দোহার উপজেলার উত্তর শিমুলিয়া গ্রামের নাজিম উদ্দিন ওরফে কুদ্দুস মোল্লার ছেলে। অপর নিহত ওবায়দুল ইসলাম একই গ্রামের হারুন ব্যাপারীর ছেলে। জীবিকার তাগিদে তারা কয়েক বছর আগে সৌদি আরবে পাড়ি জমান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যার পর তামান ইন আখের এলাকার একটি বহুতল ভবনে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়লে সেখানে অবস্থানরত পলাশ ও ওবায়দুল আটকা পড়েন। খবর পেয়ে সৌদি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ভবনের ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, নিহতদের মরদেহ জেদ্দার একটি স্থানীয় হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রস্তুতি চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
এদিকে দুই প্রবাসীর মৃত্যুর খবর বাংলাদেশে তাদের গ্রামের বাড়িতে পৌঁছালে উত্তর শিমুলিয়া এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।
নিহত পলাশের ছোট ভাই হাসান জানান, তাদের বাবা প্রায় এক বছর আগে মারা গেছেন। পলাশের নয় বছর বয়সী একটি মেয়ে এবং মাত্র তিন মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
শোকাহত পরিবারের সদস্যরা দ্রুত দুই প্রবাসীর মরদেহ দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তরের জন্য বাংলাদেশ ও সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।