Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

১৬ দিন ধরে অচল চুয়েট, রাজনৈতিক আনুগত্যের প্রশ্ন তুলে সরকারের ব্যাখ্যা চান আসিফ

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পিএম

১৬ দিন ধরে অচল চুয়েট, রাজনৈতিক আনুগত্যের প্রশ্ন তুলে সরকারের ব্যাখ্যা চান আসিফ

বিজ্ঞাপন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ১৬ দিন ধরে অচল হয়ে থাকলেও সংকট সমাধানে কার্যকর উদ্যোগ না নেওয়ায় সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (০৭ অক্টোবর) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, চুয়েটের বর্তমান সংকটকে শুধু একজন উপাচার্যকে সরিয়ে আরেকজনকে নিয়োগ দেওয়ার ঘটনা হিসেবে দেখলে হবে না। এর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনে রাজনৈতিক আনুগত্য প্রতিষ্ঠার প্রশ্নও জড়িত।

আসিফ মাহমুদ বলেন, গত ২৭ জুলাই অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্য নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব নেওয়ার ৫৬ দিনের মাথায় ২১ সেপ্টেম্বর রাতে কোনো কারণ না জানিয়ে তাকে সরিয়ে দেওয়া হয়। পরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, যোগ্যতা ও বিশ্ববিদ্যালয়ের স্বার্থের চেয়ে রাজনৈতিক আনুগত্যকে প্রাধান্য দিয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন, মশাল মিছিল, গণস্বাক্ষর, গ্রাফিতি ও লাল কার্ড প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন।

আসিফ মাহমুদ বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে নতুন উপাচার্য এখনো ক্যাম্পাসে এসে দায়িত্ব নিতে পারেননি। তিনি অনলাইনে দায়িত্ব পালন করছেন। পরে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্ম হয়ে কর্মবিরতিতে যান।

তার অভিযোগ, আন্দোলনকারীদের রাজনৈতিক পরিচয় সামনে এনে তাদের যৌক্তিক দাবিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছে। একই সঙ্গে অনলাইনে দায়িত্ব পালন করা নতুন উপাচার্যের বিরুদ্ধে ব্যাংকে ই-মেইল পাঠিয়ে কর্মকর্তা-কর্মচারীদের বেতন আটকে দেওয়ার অভিযোগও করেন তিনি।

চুয়েটের অচলাবস্থার দায় শিক্ষার্থীদের ওপর চাপানো যাবে না মন্তব্য করে আসিফ মাহমুদ বলেন, দীর্ঘদিন ধরে ক্লাস, পরীক্ষা, ল্যাব ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষাজীবন স্থবির হয়ে পড়েছে।

তিনি সরকারের প্রতি দ্রুত উপাচার্য নিয়োগের বিষয়ে ব্যাখ্যা দেওয়া, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসা এবং তাদের দাবি মেনে নিয়ে চুয়েটের স্বাভাবিক একাডেমিক পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান।

‘বিশ্ববিদ্যালয় কোনো রাজনৈতিক দলের দপ্তর নয়’ উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, চুয়েটেও রাজনৈতিক ভিসি নয়, বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রয়োজন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার