Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

দ্রব্যমূল্য বাড়ায় নাহিদের ক্ষোভ, জানালেন তিন কারণ

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১১:৪১ পিএম

দ্রব্যমূল্য বাড়ায় নাহিদের ক্ষোভ, জানালেন তিন কারণ

বিজ্ঞাপন

ডিমের দাম ১৫ টাকা ছাড়ানো থেকে শুরু করে চাল, তেল, চিনি, মাছ-মাংস ও সবজির মূল্যবৃদ্ধি নিয়ে সরকারের নীতির সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

এছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে সরকারের বাজেট নীতি, জ্বালানি-বিদ্যুতের দাম বৃদ্ধি এবং বাজারের সিন্ডিকেট ও রাজনৈতিক চাঁদাবাজিকে দায়ী করেছেন তিনি।

মঙ্গলবার (৬ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে এসব কথা বলেন এনসিপির এ নেতা।

পোস্টে নাহিদ ইসলাম বলেন, ‘এক ডিম ১৫ টাকা’—এই চার শব্দ বাংলাদেশের কোটি নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের কাছে আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে।

তার ভাষ্য, যেসব পরিবারের নিয়মিত মাছ-মাংস কেনার সামর্থ্য নেই, তাদের জন্য ডিম গুরুত্বপূর্ণ প্রোটিনের উৎস। বর্তমানে ডিমের হালি ৫৫ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, ডিমের পাশাপাশি চাল, আটা, তেল, চিনি, মুরগি, মাছ ও সবজিসহ বিভিন্ন মৌলিক খাদ্যপণ্যের দাম বেড়েছে। অথচ মানুষের আয় সেই অনুপাতে বাড়েনি। এতে জীবনযাত্রার ব্যয় বেড়ে সাধারণ মানুষের ওপর চাপ তৈরি হয়েছে।

বাজেট নীতিকে দায়ী করলেন নাহিদ

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রথম কারণ হিসেবে সরকারের বাজেট নীতির সমালোচনা করেন এনসিপির এই নেতা।

তিনি বলেন, নির্বাচনের আগে তারেক রহমান বলেছিলেন, ‘মেগা প্রজেক্ট মানেই মেগা দুর্নীতি’। অথচ মেগা প্রজেক্ট ও বিভিন্ন কার্ড ছাপানোর জন্য প্রায় ২০ শতাংশ বড় বাজেট করা হয়েছে।

নাহিদের দাবি, দেশের অর্থনীতিতে তেমন গতি নেই। একই সঙ্গে ধনীদের কর ফাঁকি বন্ধ করা বা তাদের ওপর কর বাড়ানোর কার্যকর পরিকল্পনাও নেই।

তিনি বলেন, বাড়তি অর্থের জোগান দিতে সরকারকে হয় ভ্যাট বাড়াতে হবে, নয়তো ঋণ নিতে হবে অথবা টাকা ছাপাতে হবে। ভ্যাট বাড়লে সরাসরি পণ্যের দাম বাড়ে, আর টাকা ছাপালে মূল্যস্ফীতি বাড়ে। ঋণের অর্থও শেষ পর্যন্ত সুদে-আসলে পরিশোধ করতে হয়।

জ্বালানি-বিদ্যুতের দামেও চাপ

দ্বিতীয় কারণ হিসেবে জ্বালানি ও বিদ্যুতের দাম বৃদ্ধির কথা উল্লেখ করেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, সরকার যখন হুট করে বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ায়, তখন সেচ, পোলট্রি, মাছ চাষ, হিমাগার, পণ্য পরিবহন ও দোকানসহ বিভিন্ন খাতের ব্যয় একসঙ্গে বেড়ে যায়।

এর প্রভাব শেষ পর্যন্ত ভোক্তার ওপর পড়ে বলে মন্তব্য করেন তিনি।

‘সিন্ডিকেট ও চাঁদাবাজিতে বাড়ছে দাম’

বাজারের সিন্ডিকেট ও রাজনৈতিক চাঁদাবাজিকে দ্রব্যমূল্য বৃদ্ধির তৃতীয় কারণ হিসেবে উল্লেখ করেন নাহিদ।

তার অভিযোগ, সিন্ডিকেট ও রাজনৈতিক চাঁদাবাজির কারণে উৎপাদন খরচের তুলনায় অনেক বেশি দামে সাধারণ মানুষকে পণ্য কিনতে হচ্ছে।

তিনি বলেন, নিত্যপণ্যের দাম বাড়ার প্রভাব নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের ওপর সবচেয়ে বেশি পড়ে। কারণ এসব পরিবারের আয়ের বড় একটি অংশ খাদ্য ও অন্যান্য মৌলিক প্রয়োজন মেটাতে ব্যয় হয়।

নাহিদ ইসলাম বলেন, জীবনযাত্রার খরচ ১০ শতাংশ বাড়লে ধনীদের ওপর এর প্রভাব তুলনামূলকভাবে কম পড়ে। কারণ তাদের আয়ের ছোট একটি অংশ মৌলিক প্রয়োজন মেটাতে ব্যয় হয় এবং হাতে সঞ্চয়ও থাকে।

অন্যদিকে, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের আয়ের প্রায় পুরোটাই বেঁচে থাকার মৌলিক প্রয়োজন মেটাতে চলে যায়। ফলে দাম বাড়লে তাদের সামনে কোন প্রয়োজনটি বাদ দেওয়া যায়, সেই কঠিন সিদ্ধান্ত নিতে হয়।

নাহিদ ইসলাম বলেন, এনসিপির নির্বাচনী ইশতেহার ও ছায়া বাজেটে ধনীদের কর ফাঁকি বন্ধ করা এবং অপ্রয়োজনীয় মেগা প্রজেক্টে ব্যয় না করে অর্থের বিকল্প ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছে।

তার দাবি, এর মাধ্যমে মধ্যবিত্তের ওপর কর কমানো, নিত্যপণ্যের ওপর থেকে ভ্যাট তুলে নেওয়া এবং পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানিতে বাড়তি ভর্তুকি দেওয়া সম্ভব।

কিন্তু সরকার সেই পথে হাঁটেনি বলে অভিযোগ করেন তিনি।

পোস্টের শেষাংশে সরকারের বিভিন্ন নীতির সুবিধা কারা পাবে, তা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির এই নেতা।

সবশেষে তিনি লেখেন, ‘অন্যদিকে, কোটি মা আজ রাতে ১৫ টাকার একটি ডিম ভেজে কয়েক ভাগ করে সন্তানদের পাতে তুলে দেবেন।’

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার