বিজ্ঞাপন
‘দেশের বাড়ি বলা নিষেধ’, আইন মন্ত্রণালয়ে আসিফ নজরুলের সেই অভিজ্ঞতা
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৩১ পিএম
বিজ্ঞাপন
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল আইন মন্ত্রণালয়ে দায়িত্ব পালনের সময় ‘দেশের বাড়ি’ নিয়ে কথা বলা নিষেধ করেছিলেন। এ বিষয়ে নিজের একটি অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন তিনি।
মঙ্গলবার (০৬ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল এ অভিজ্ঞতা তুলে ধরেন।
পোস্টে আসিফ নজরুল লেখেন, ‘স্যার, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের। দেশের বাড়ি … এরপর তাকে থামিয়ে দিয়ে আসিফ নজরুল বলেন, ‘আমার কাছে দেশের বাড়ি বলা নিষেধ। মনে থাকবে?। ওই ব্যক্তি কিছুটা বিব্রত হয়ে মাথা নেড়ে বলেছিলেন, ‘মনে থাকবে!।’
তিনি তার পোস্টে জানান, ২০২৪ সালের ১০ আগস্ট আইন মন্ত্রণালয়ে পুরোপুরি অফিস করার প্রথম দিন ছিল তার। সেদিন প্রচণ্ড ব্যস্ততার পর বিকেলে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বসেছিলেন তিনি। তাদের অনেকেই ছিলেন তার সাবেক ছাত্র। আনুষ্ঠানিক পরিচয়পর্বের সময় প্রথম যে কর্মকর্তা ‘দেশের বাড়ি’ বলতে চেয়েছিলেন, তাকেই থামিয়ে দেন তিনি। এরপর সবাই বুঝতে পেরেছিলেন যে এ বিষয়ে তিনি সিরিয়াস। তার কাছে কারও দেশের বাড়ি কোথায়, তা বলা যাবে না।
এর কারণ ব্যাখ্যা করে তিনি লেখেন, বাংলাদেশের অনেক মানুষের মধ্যে দেশের বাড়ি কোথায়, পরিচয়পর্বের সঙ্গে সঙ্গে এ নিয়ে কথা বলার প্রবণতা রয়েছে। অনেক সময় এর উদ্দেশ্য থাকে খাতিরের সম্পর্ক তৈরি করা বা অনৈতিক সুবিধা নেওয়া। মন্ত্রীর বাড়ি কোন জেলায়, সেই জেলার মানুষ চাকরিতে বাড়তি সুবিধা পাবেন—এমন ধারণা যেন বাংলাদেশে প্রচলিত নিয়মে পরিণত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ক্ষমতাবান শিক্ষদের মধ্যেও এমন প্রবণতা দেখেছি।
আঞ্চলিকতার এই প্রবণতার উদাহরণ দিতে গিয়ে আসিফ নজরুল বাংলাদেশের সংবিধানের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, সংবিধানে জন্মস্থানের ভিত্তিতে কারও সঙ্গে বৈষম্য করা যাবে না বলে উল্লেখ রয়েছে। পৃথিবীর খুব কম সংবিধানেই এমন বিধান আছে।
আসিফ নজরুল লেখেন, ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধানে এই বিধান যুক্ত করার পেছনে দেশের মানুষের মধ্যে থাকা আঞ্চলিক বৈষম্যের প্রবণতা একটি কারণ ছিল। কিন্তু তাতে কি লাভ হয়েছে কোনো?।
নিজের সাংবিধানিক আইনের ক্লাসের অভিজ্ঞতা তুলে ধরে আসিফ নজরুল লেখেন, তিনি শিক্ষার্থীদের প্রশ্ন করেন, ‘তোমাদের কী মনে হয়, আমাদের শাসকেরা মানে এটা?। শিক্ষার্থীরা সমস্বরে ‘না স্যার! মানে না’ বলে উত্তর দেন।
এরপর তিনি প্রশ্ন করেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় কোন জেলার মানুষ বেশি সুবিধা পেত। শিক্ষার্থীরা দ্বিধাহীনভাবে ‘গোপালগঞ্জ’ উত্তর দিতেন বলে উল্লেখ করেন তিনি।
কোন জেলার মানুষের বিরুদ্ধে বৈষম্য করা হতো—এমন প্রশ্নে কেউ ফেনী, কেউ বগুড়ার নাম বলতেন বলেও জানান তিনি।
আসিফ নজরুল বলেন, অন্য রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রেও এমন উদাহরণ রয়েছে। কোন দলের আমলে কোন জেলার মানুষ সুবিধা পায় বা কারা বৈষম্যের শিকার হয়, শিক্ষার্থীরা তা সহজেই বলতে পারেন বলে উল্লেখ করেন তিনি।
আইন মন্ত্রণালয়ে তার পূর্বসূরির বিরুদ্ধেও এমন বদনাম ছিল বলে দাবি করেন আসিফ নজরুল। এ কারণে তিনি নিজেও সতর্ক ছিলেন। তিনি বলেন, মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছে ‘দেশের বাড়ি’ নিয়ে আলোচনা না করার বিষয়টি অনেকে পছন্দও করেছিলেন। মন্ত্রণালয়ে দায়িত্বে থাকা পুরো সময়ে কেউ তাকে আর দেশের বাড়ি কোথায়, তা বলার চেষ্টা করেননি।
তবে মন্ত্রণালয়ের বাইরের মানুষকে এ বিষয়ে থামাতে পারেননি বলে জানান তিনি।
এ প্রসঙ্গে একটি ঘটনার বর্ণনা দিয়ে আসিফ নজরুল লেখেন, কর্মব্যস্ত এক দিনে অনেক অনুরোধের পর একজন ব্যক্তি তার সঙ্গে দেখা করতে আসেন। মাঝবয়সী ওই ব্যক্তি আমুদে চেহারার মানুষ। তিনি ওই ব্যক্তিকে বসতে বলে দ্রুত দেখা করার কারণ জানাতে বলেন। কিন্তু ওই ব্যক্তি না বসে হালকা গা দোলাতে দোলাতে বলেন, ‘স্যার, আমার বাড়ি নেত্রকোনা।’
এরপর ওই ব্যক্তি আরও বলেন, ‘নেত্রকোনা, কেন্দুয়া থানা!’
আসিফ নজরুল লেখেন, এতক্ষণে রহস্য বুঝতে পারলাম আমি। হুমায়ূন আহমেদের বাড়ি সেখানে। কিন্তু আমাকে এটা বলার দরকার কী? কিছুটা অবাক হয়ে তার দিকে তাকালাম। তিনি আরও অবাক হয়ে আমার দিকে তাকালেন। মনে হলো, তিনি বুঝতে পারছেন না, কেন তাকে এখনই খুশিতে জড়িয়ে ধরছি না!। এমন ঘটনা আরও ঘটতো। সবচেয়ে বেশী বিড়ম্বনা হতো আমার বাবার বাড়ীর লোকদের নিয়ে। ঠিক সেখানকার এতো অসংখ্য মানুষ যে ঢাকায় থাকেন তা নতুন জানা হলো আমার উপদেষ্টা জীবনে।